শিবালয়ে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, জাল জব্দ

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারে ব্যবহৃত ৪০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য অধিদপ্তর। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ টাকা। পরে জালগুলো নদীর তীরে জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বুধবার (১৪ অক্টোবর) মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদী ও হেমগঞ্জ বাজারসংলগ্ন নদীতীরবর্তী মাছঘাটে পৃথক দুটি অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।

শিবালয় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগীর নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করে পাটুরিয়া নৌ পুলিশ ও বাংলাদেশ কোস্ট গার্ড।

সাথী রানী নিয়োগী জানান, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণে সরকারি নিষেধাজ্ঞা চলছে। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।