ইবনে সিনাকে ৪০ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীতে ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালকেন্দ্রিক সড়কগুলোতে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থান নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। একাধিকবার তাগিদ দেওয়া এবং পর্যাপ্ত সময় দেওয়ার পরও পার্কিং ব্যবস্থার অগ্রগতি না হওয়ায় নগরীর মেহেদীবাগ এলাকার ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ ও ভবনের মালিককে ৪০ লাখ টাকা জরিমানা করেছে সংস্থাটির ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৪ অক্টোবর) সংস্থাটির অথরাইজড অফিসার-১ ও স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে হাসপাতালে বিচার আদালত পরিচালনা করা হয়। আদালত পার্কিংয়ে চরম অব্যবস্থাপনা ও সিডিএর নির্দেশনা অমান্য করার অপরাধে ইবনে সিনা কর্তৃপক্ষকে ২০ লাখ টাকা এবং ভবন মালিককে আরও ২০ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় ডায়াগনস্টিক সেন্টার সংলগ্ন খান ব্রাদার্স পেট্রোল পাম্পকেও ২ লাখ টাকা জরিমানা করা হয়।

সিডিএ সূত্র জানায়, মেহেদীবাগ থেকে মির্জাপোল পর্যন্ত সড়কটিতে সেবাগ্রহীতা ও সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে বিশেষ উদ্যোগ সিডিএ। এর ধারাবাহিকতায় গত ৬ আগস্ট ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করে পার্কিংয়ের প্রয়োজনীয় অবকাঠামোগত সংশোধনের স্পষ্ট নির্দেশনা দেন সিডিএ চেয়ারম্যান। এরপর গত ১০ সেপ্টেম্বর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিয়ে বৈঠকও করা হয়।

সিডিএ কর্মকর্তারা জানান, নির্দেশনার দুই মাসের বেশি সময় পেরিয়ে গেলেও ইবনে সিনা কর্তৃপক্ষ কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। ফলে গত মঙ্গলবার পুনরায় সরেজমিনে পরিদর্শনে যান সিডিএ চেয়ারম্যান। ডায়াগনস্টিক সেন্টারে পার্কিং ব্যবস্থায় সামান্যতম কোনো ইতিবাচক পরিবর্তন না দেখে তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেন। কোনো পরিবর্তন না আসায় শেষ পর্যন্ত সংস্থাটি এ বড় ধরনের আইনি পদক্ষেপ নিল।

এ বিষয়ে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, “আইন মানা সবার জন্যই বাধ্যতামূলক। হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টারে সেবা নিতে এসে রোগী কিংবা সাধারণ মানুষকে পার্কিং সমস্যার কারণে যানজটের ভোগান্তিতে পড়তে দেওয়া যাবে না। বারবার সতর্ক করার পরও যারা সংশোধন হচ্ছেন না, তাদের বিরুদ্ধেই এ কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।”