অপারেশন ক্লিন হার্টের মতো অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা সরকারের নেই।’ বুধবার (১৪ অক্টোবর) চট্টগ্রামের সাইবার পুলিশ সেন্টার ও ডিজিটাল ফরেনসিক ল্যাব উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধ দমন করতে গিয়ে পুলিশ মাঝেমধ্যে আক্রমণের শিকার হয়। এটি নতুন কোনো বিষয় নয়। অপরাধীদের দমনে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। পুলিশ কাউকে গ্রেপ্তার করতে গেলে কেউ যদি আসামিকে সহযোগিতা করেন, তাহলে তথ্য পাওয়া সাপেক্ষে তাঁর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ডিজিটাল ফরেনসিক ল্যাব প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নেতৃত্বে এটি পরিচালিত হবে। ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণ ও পরীক্ষার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে আন্তবিভাগীয় সহযোগিতা নিশ্চিত করা হবে। দেশের আটটি বিভাগীয় সদর দপ্তরে দ্রুত ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য দক্ষিণ কোরিয়া সরকারের কাছে আন্তর্জাতিক সহযোগিতা চাওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সাইবার পুলিশ ইউনিটের নেতৃত্বে কেন্দ্রীয় পর্যায়ের পাশাপাশি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়েও ডিজিটাল বিশ্লেষণের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

সিআইডির রাসায়নিক পরীক্ষাগার সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই সিআইডি কেমিক্যাল ল্যাবরেটরি পরিচালনা করে আসছে। এসব পরীক্ষার মাধ্যমে ভিসেরা প্রতিবেদন তৈরি করা হয়। তবে অপরাধের ধরন পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে এ ব্যবস্থার সম্প্রসারণও জরুরি।

তিনি বলেন, বিচারিক কার্যক্রমে মানুষের বিচারপ্রাপ্তি ত্বরান্বিত করতে প্রয়োজনীয় বিশ্লেষণ, সাক্ষ্য-প্রমাণ এবং সেগুলোর প্রত্যয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক অপরাধ মোকাবিলায় উন্নত সরঞ্জাম, লজিস্টিক সহায়তা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধাসম্পন্ন পরীক্ষাগার স্থাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআইডির অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোসাইন।