আলো মানুষকে পথ দেখায়। অন্ধকার থেকে মুক্তি দেয়। চলার পথ স্পষ্ট করে। আর মানুষের জীবনে এমন এক আলো আছে, যা তাকে সত্য ও মিথ্যার পার্থক্য বুঝতে সাহায্য করে। সঠিক পথের সন্ধান দেয়। সেই আলো হলো ইমান ও হেদায়েতের নুর। মহান আল্লাহই এই নুরের উৎস। তিনি আসমান ও জমিনের স্রষ্টা। তার দয়া ছাড়া মানুষ প্রকৃত সত্যের সন্ধান পায় না।
মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ‘আল্লাহ আসমান ও জমিনের নুর। তার নুরের উপমা একটি তাকের মতো। তাতে রয়েছে একটি প্রদীপ। প্রদীপটি রয়েছে একটি চিমনির মধ্যে। চিমনিটি উজ্জ্বল তারকার মতো। প্রদীপটি বরকতময় জাইতুন গাছের তেল দ্বারা জ্বালানো হয়, যা পূর্ব দিকেরও নয়, পশ্চিম দিকেরও নয়। এর তেল যেন আলো বিকিরণ করে, যদিও তাতে আগুন স্পর্শ না করে। নুরের উপর নুর। আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত করেন তার নুরের দিকে। আল্লাহ মানুষের জন্য উপমা উপস্থাপন করেন। আল্লাহ প্রতিটি বস্তু সম্পর্কে সম্যক জ্ঞাত।’ (সুরা নুর ৩৫)
আল্লাহ আসমান ও জমিনের নুর অর্থাৎ তিনিই সমগ্র সৃষ্টিজগতের আলো ও পথনির্দেশনার উৎস। তার সৃষ্টি, বিধান ও হেদায়েতের মাধ্যমেই মানুষ সত্যের সন্ধান পায়।
আল্লাহর নুরের একটি গুরুত্বপূর্ণ প্রকাশ হলো তার অবতীর্ণ কিতাব এবং তার রাসুলের শিক্ষা। কোরআন মানুষকে অজ্ঞতা, ভ্রান্তি ও পথভ্রষ্টতার অন্ধকার থেকে মুক্ত করে। রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ মানুষকে সঠিক পথে চলার শিক্ষা দেয়।
উল্লিখিত আয়াতে আল্লাহ তার নুরের উপমা দিতে একটি প্রদীপের কথা উল্লেখ করেছেন। প্রদীপটি রয়েছে একটি চিমনির মধ্যে। এর তেল এমন এক বরকতময় জাইতুন গাছ থেকে পাওয়া, যার ওপর দিনের বিভিন্ন সময়ে সূর্যের আলো পড়ে। ফলে তেলটি অত্যন্ত স্বচ্ছ ও উৎকৃষ্ট হয়। প্রদীপ, চিমনি এবং স্বচ্ছ তেলের সম্মিলিত বৈশিষ্ট্য এখানে আলোর উজ্জ্বলতা ও পূর্ণতার দিকটি তুলে ধরে।
আল্লাহ যাকে ইচ্ছা তার নুরের দিকে পরিচালিত করেন। এর অর্থ, হেদায়েতের প্রকৃত মালিক তিনিই। মানুষকে সত্যের সন্ধান করতে হয়, কোরআন বুঝতে হয় এবং রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসরণ করতে হয়। একই সঙ্গে আল্লাহর কাছে সঠিক পথের দিশা চাইতে হয়। কারণ মানুষের অন্তরের অবস্থা, তার নিয়ত ও কর্ম সম্পর্কে আল্লাহ সম্পূর্ণ অবগত। কে হেদায়েত গ্রহণ করবে এবং কে সত্য থেকে মুখ ফিরিয়ে নেবে, তাও তার জ্ঞানের অন্তর্ভুক্ত।
তাই মুমিনের উচিত আল্লাহর নুরের সন্ধানে থাকা। কোরআনের শিক্ষা জীবনে বাস্তবায়ন করা। ইমানকে দৃঢ় করা এবং সৎকর্মের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা। পার্থিব জীবনের আলো মানুষকে দৃশ্যমান পথ দেখায়। আর আল্লাহর নুরের দিকে হেদায়েত মানুষকে দুনিয়া ও আখেরাতের কল্যাণের পথ চিনিয়ে দেয়। এই নুরের অনুসরণেই মানুষের জীবন সত্য, ন্যায় ও কল্যাণের পথে পরিচালিত হয়।