কুমিল্লায় আমির নির্বাচন নিয়ে জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ

আমির নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমানের গাড়ি ভাঙচুর এবং দলীয় কার্যালয়ের ছাদে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর মোগলটুলীতে অবস্থিত মহানগর জামায়াতের দলীয় কার্যালয়ে এ উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে।

দলীয় সূত্রে জানা গেছে, মহানগর জামায়াতের নতুন আমির নির্বাচন নিয়ে বেশ কিছুদিন ধরে শীর্ষ নেতাদের মধ্যে মতবিরোধ চলে আসছিল। বুধবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে কমিটি গঠন-সংক্রান্ত একটি বৈঠক চলাকালে সেই বিরোধ প্রকাশ্যে রূপ নেয়। বর্তমান সেক্রেটারি মাহবুবুর রহমান নতুন কমিটির আমির হতে পারেন—এমন গুঞ্জনকে কেন্দ্র করে প্রথমে উত্তেজনা ও পরে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে জামায়াতের একটি অংশ সেক্রেটারি মাহবুবুর রহমানের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।

এ ঘটনায় দলটির সহকারী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এবং দাওয়াহ ও তথ্য সম্পাদক হোসেনসহ কয়েকজনের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর ও দলীয় কার্যালয়ের ছাদে ককটেল বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে বক্তব্য জানতে সহকারী সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

ঘটনার বিষয়ে কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, ‘এটি আমাদের অভ্যন্তরীণ বিষয়। আমরা এ বিষয়ে গণমাধ্যমে ব্রিফিং দেব। বর্তমানে আমাদের মিটিং চলছে।’

এ বিষয়ে বক্তব্য জানতে জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ ও সেক্রেটারি মাহবুবুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন ধরেননি।

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গেই পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে। তিনি আরও বলেন, দলের ঊর্ধ্বতন নেতারা কার্যালয়ের ভেতরে আছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং কেউ লিখিত অভিযোগও দেননি।