প্রোগ্রাম চলাকালে কিছু যুবক হইচই করে গাড়ি ভাঙচুর করেছে বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী শাখা। বুধবার রাতে মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানান।
বিবৃতিতে বলা হয়, সাংগঠনিক বিষয় নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করা হচ্ছে। এসব সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। প্রকৃত ঘটনা হচ্ছে, ১৪ অক্টোবর বুধবার রাত ৭টার দিকে কুমিল্লা মহানগরী জামায়াতে ইসলামীর কার্যালয়ে পূর্বনির্ধারিত একটি সভা চলছিল।
এরই মধ্যে কিছু যুবক প্রোগ্রামে ঢুকে হইচই করে। এ সময় তারা চিৎকার-চেঁচামেচি করে চলে যাওয়ার সময় তাঁদের একটি গাড়ি ভাঙচুর করে।
বিবৃতিতে আরও বলা হয়, তাঁরা ঘটনাটি তদন্ত করে দেখছেন। এর পেছনে কারা জড়িত এবং কেন তারা এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে বিস্তারিত জেনে পুনরায় সংবাদমাধ্যমকে অবহিত করা হবে।