সিনিয়র সচিব পদমর্যাদা পেলেন শিক্ষাসচিব খালেক

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেককে সিনিয়র সচিব পদমর্যাদা দেওয়া হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এর আগে, গত ৩ মার্চ আবদুল খালেককে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।

আবদুল খালেক বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৯৮৪ ব্যাচের একজন পেশাদার কর্মকর্তা হিসেবে পরিচিত। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জনের পর ১৯৮৬ সালে তিনি প্রশাসন ক্যাডারের সদস্য হিসেবে যোগদান করেন।

কর্মজীবনে তিনি সহকারী কমিশনার, উপজেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া যশোর ও চাঁদপুরের জেলা প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

আবদুল খালেক দিনাজপুর ও জাগীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেন। এ ছাড়া স্থানীয় সরকার বিভাগ, ভূমি মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয় ও নৌপরিবহন মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি।

প্রাতিষ্ঠানিক পর্যায়ে বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট করপোরেশন (বিআইডব্লিউটিসি), বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশন (বিআরটিসি) এবং বোর্ড অব ইনভেস্টমেন্টেও (বিওআই) দায়িত্ব পালন করেছেন আবদুল খালেক।

নির্যাতিত কর্মকর্তা হিসেবে বিবেচনার ভিত্তিতে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর তাকে ভূতাপেক্ষভাবে অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি দেওয়া হয়। এবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালনের মধ্যেই তিনি সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন।