সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির আগেই বক্স অফিসে সাড়া ফেলেছে। নেলসন দিলীপকুমার পরিচালিত সিনেমাটি আজ ১৫ অক্টোবর বিশ্বব্যাপী মুক্তি পাবে। মুক্তির প্রথম দিনের জন্য ভারতে অগ্রিম টিকিট বিক্রি হয়েছে প্রায় ১৪ লাখ ৪৭ হাজার। এতে আয় হয়েছে ৩০ কোটি ৯০ লাখ রুপি। সব মিলিয়ে ভারতে অগ্রিম বুকিং থেকে সিনেমাটির আয় ৫৭ কোটি ৩০ লাখ রুপি ছাড়িয়েছে। বিদেশে প্রথম দিনের অগ্রিম বুকিং থেকেও আয় হয়েছে ২৫ কোটি রুপির বেশি। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
বিশ্বব্যাপী প্রথম দিনে ১০০ কোটি রুপি আয়ের সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা।
‘জেলার ২’ ছবির জন্য রজনীকান্ত ১১০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন। এর পাশাপাশি ছবির লভ্যাংশ থেকেও তিনি একটা বড় অংশ পাবেন বলে শোনা যাচ্ছে। ‘জেলার ২’ পরিচালনা করেছেন নেলসন দিলীপকুমার এবং এটি সান পিকচার্স ব্যানারের অধীনে নির্মিত। সিনেমাটিতে রজনীকান্তের সঙ্গে অভিনয় করেছেন বিদ্যা বালান, রম্যা কৃষ্ণান, মিঠুন চক্রবর্তী ও এস জে সূর্য।