গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলামকে লক্ষ্য করে প্রথমে গুলি এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) রাত সাড় ৯টার দিকে গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় শাকিল ইসলাম চাঁচকৈড় বাজারে অবস্থান করছিলেন। হঠাৎ বিদ্যুৎ চলে গেলে মোটরসাইকেলে আসা হেলমেটধারী দুই যুবক তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি লক্ষ্যভ্রষ্ট হলে শাকিল দৌড়ে আত্মরক্ষার চেষ্টা করেন।

এ সময় দুর্বৃত্তরা তাকে ধাওয়া করে ধরে ফেলে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে মোটরসাইকেলে পালিয়ে যায়।

স্থানীয় লোকজন শাকিলকে উদ্ধার করে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে গুরুদাসপুর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, কারা এবং কী কারণে শাকিল ইসলামের ওপর হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটন করতে পুলিশ কাজ শুরু করেছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

হামলার কারণ ও এর পেছনে কারা জড়িত, তা এখনো স্পষ্ট নয়। তবে প্রকাশ্য বাজার এলাকায় গুলি ও ধারালো অস্ত্রের ব্যবহার স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। তদন্তেই এখন বেরিয়ে আসবে, হামলাটি পরিকল্পিত ছিল কি না এবং এর নেপথ্যে কী কারণ রয়েছে।