চন্দনাইশের ৯৪টি মণ্ডপে পূজা, নিরাপত্তা ব্যবস্থা তদারকিতে পুলিশ

চট্টগ্রামের চন্দনাইশে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. দিদারুল ইসলাম সিকদার।

বুধবার (১৪ অক্টোবর) গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকার পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে তিনি মণ্ডপ কমিটির আয়োজক ও স্বেচ্ছাসেবকদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা বলে গেছি নিজস্ব নিরাপত্তা রাখতে হবে। প্রতিটি মন্দিরে সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে এবং সিসিটিভি সচল আছে কি না তা সবসময় মনিটরিং করতে হবে। পর্যাপ্ত আলোকসজ্জার ব্যবস্থা করতে হবে। ১৭ তারিখ থেকে বিসর্জন পর্যন্ত ৩ শিফটে ২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা করবেন। প্রতি শিফটে ৫ জন করে মোট ১৫ জন ভলান্টিয়ার পাহারাদার হিসেবে রাখবেন। আনসার থাকবে, পুলিশ টহলে থাকবে। নিজস্ব লোক দিয়ে গেটে পাহারা দিতে হবে। কোনো অপরিচিত লোককে মণ্ডপে প্রবেশ করতে দেওয়া যাবে না।’

গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘ফেসবুকে কোনো উসকানিমূলক পোস্ট দেখলে সাথে সাথে পুলিশকে জানাবেন। প্রতিটি মন্দিরে আমাদের মোবাইল টিম ও সাদা পোশাকে পুলিশ দায়িত্ব পালন করবে। চন্দনাইশ থানায় পূজা উপলক্ষে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।’

পরে তিনি বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাই সকল ধর্মের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন করুক।’

জানা গেছে, এ বছর চন্দনাইশ উপজেলার ৮টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় মোট ৯৪টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ৪১টি ঘটপূজা অনুষ্ঠিত হবে।

পরিদর্শনকালে মণ্ডপে প্রতিমা তৈরির কাজ চলমান ছিল। এ সময় তিনি মণ্ডপের আলোকসজ্জা, প্রবেশ ও বাহির পথ এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।

এ সময় চন্দনাইশ থানার সেকেন্ড অফিসার রূপক কর্মকারসহ থানার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।