গাজীপুরের টঙ্গীতে অবস্থিত বেসরকারি অষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড কারখানার ডাম্পিং কাজ শেষ হয়েছে। পরে ওই কারখানাটি পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ইনচার্জ মোহাম্মদ আবু সাঈদ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি কারখানার গেটে টাঙানো হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতদ্বারা মেসার্স ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড (ইউনিট-০২)-এর সকল শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, আগামীকাল থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারখানার সকল কার্যক্রম বন্ধ থাকবে।
এর আগে গতকাল বুধবার (১৪ অক্টোবর) সকাল সোয়া ১০টায় ওই কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কারখানায় কেমিক্যাল ও বিল্ডিংয়ে ব্যবহার করা অ্যালুমিনিয়াম পেপারের নিচে থাকা রাবারের কারণে আগুন ভয়ংকর রূপ ধারণ করে। পরে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট, সেনাবাহিনী ও বিজিবির সমন্বিত চেষ্টায় দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিস থেকে জানানো হয়, আগুন নিয়ন্ত্রণে এলেও ডাম্পিং ও পুরোপুরি নিরাপত্তা নিশ্চিত হতে বৃহস্পতিবার পর্যন্ত সময় লাগবে। তবে ফায়ার সার্ভিসের চেষ্টায় বুধবার রাতেই ডাম্পিং কাজ শেষ হয়েছে।
টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বলেন, আমরা গতকাল রাত ১১টার দিকে ডাম্পিং কাজ শেষ করেছি। সেখানে নতুন করে কোনো আশঙ্কা তৈরি হওয়ার সুযোগ নেই।