'বর্ষসেরা' রিশাদকে নতুন করে ফেরাল হোবার্ট

বিগ ব্যাশের গত আসরে অভিষেকেই হোবার্ট হারিকেন্সের হয়ে দুর্দান্ত বোলিং উপহার দিয়েছিলেন রিশাদ হোসেন। ১২ ম্যাচে ১৫ উইকেট নিয়ে দলের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পাশাপাশি জিতেছিলেন ক্লাবের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার। সেই সাফল্যের ধারাবাহিকতায় অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশের ১৬তম আসরের জন্য এই বাংলাদেশি লেগ স্পিনারকে আবারও দলে রেখে দিয়েছে হোবার্ট। 

এদিকে হোবার্ট এবার দলে ভিড়িয়েছে অস্ট্রেলিয়ার তারকা লেগ স্পিনার অ্যাডাম জাম্পাকেও। এতে আসছে মৌসুমে জাম্পার সঙ্গে ড্রিম স্পিন-জুটি গড়ে মাঠে নামবেন ২৪ বছর বয়সী এই লেগ স্পিনার।

সাকিব আল হাসানের দীর্ঘ এক দশক পর প্রথম বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে অংশ নিয়ে প্রথম সুযোগেই অজি কন্ডিশনে নিজের কার্যকারিতা প্রমাণ করেন রিশাদ। আন্তর্জাতিক ক্রিকেটে ও বিশ্বজুড়ে বিভিন্ন লিগে নিজের ফ্লাইট ও টার্ন দিয়ে বিপজ্জনক বোলার হিসেবে নিজেকে চিনিয়েছেন এই তরুণ। অথচ এর আগের মৌসুমে (বিবিএল-১৪) ড্রাফট থেকে হোবার্ট তাকে দলে টানলেও বিপিএলের ব্যস্ততার কারণে শেষ পর্যন্ত খেলা হয়নি। তবে বিবিএল-১৫ আসরে এসে শতভাগ মানিয়ে নিয়ে ম্যাচজুড়ে রাজত্ব করেন তিনি।

অ্যাডাম জাম্পাকে দলে ভেড়ানোর পর স্কোয়াডের সমীকরণে পরিবর্তন আসলেও রিশাদের প্রতি নিজেদের আস্থার কথা স্পষ্ট করেছে ফ্র্যাঞ্চাইজিটি। রিশাদকে নিয়ে হোবার্ট হারিকেন্সের হাই পারফরম্যান্স বিভাগের জেনারেল ম্যানেজার স্যালিয়ান বিমস বলেন, ‘রিশাদ আমাদের একদম পরিষ্কার করে জানিয়েছিল যে গত মৌসুমে হোবার্টে তার সময়টা সে খুব উপভোগ করেছে এবং ফিরে আসতে চায়। এই বিষয়টি আমাদের কাছে অনেক বড় গুরুত্ব পেয়েছে।’ 

জাম্পার সংযোজনের পর দলে রিশাদের জায়গা নিশ্চিত করার প্রক্রিয়া নিয়ে স্যালিয়ান বিমস আরও যোগ করে বলেন, ‘আমাদের স্কোয়াডে অ্যাডাম জাম্পা যুক্ত হওয়ায় দলে কিছুটা পরিবর্তন এসেছিল। তবে রিশাদের মতো মানসম্পন্ন একজন খেলোয়াড় যখন হোবার্টে ফেরার ব্যাপারে এতটা মরিয়া, তখন তাকে ফেরানোর সব সম্ভাবনাই আমরা খতিয়ে দেখতে চেয়েছি।’ 

প্রথমবার বিগ ব্যাশে খেলতে এসে গড়ে ২০.৮৬ ও ৭.৮২ ইকোনমিতে বোলিং করা এবং প্রতিটি ম্যাচে অংশ নেওয়াকে রিশাদের দ্রুত মানিয়ে নেওয়ার অসাধারণ ক্ষমতার প্রমাণ বলে মনে করছেন ক্লাব কর্তারা। কুড়ি ওভারের ক্রিকেটে জাম্পা ও রিশাদ জুটির সম্মিলিত ৫৬০ উইকেটের অভিজ্ঞতা নিয়ে বেশ উচ্ছ্বসিত বিমস। দুই বিশ্বমানের লেগ স্পিনারের রসায়ন নিয়ে বিমস জানান, ‘আমাদের হাতে এখন দুজন শীর্ষমানের লেগ স্পিনার রয়েছে, যারা আলাদা শক্তির প্রতীক এবং কন্ডিশন ও প্রতিপক্ষ অনুযায়ী আমাদের দারুণ সব বিকল্প এনে দেবে। জাম্পা দীর্ঘদিন ধরে বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা সাদা বলের বোলার, আর গত মৌসুমে আমরা দেখেছি মাঝের ওভারগুলোতে রিশাদ কতটা বিপজ্জনক হতে পারে। দুজনকে পাওয়া আমাদের আক্রমণকে নতুন মাত্রা দেবে।’

আগামী ১২ ডিসেম্বর মেলবোর্ন রেনিগেডস ও পার্থ স্কোর্চার্সের ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিগ ব্যাশের ১৬তম আসরের। ১৭ ডিসেম্বর ব্রিসবেন হিটের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে হোবার্ট হারিকেন্স।

বিগ ব্যাশের ১৬তম আসরে হোবার্ট হারিকেন্সের পুরো স্কোয়াড

মার্কাস বিন, আইন কার্লাইল, নিখিল চৌধুরী, টিম ডেভিড, নাথান এলিস, রিশাদ হোসেন, নিক হবসন, শাই হোপ, বেন ম্যাকডারমট, রাইলি মেরেডিথ, মিচ ওয়েন, উইল প্রেস্টউইজ, বিলি স্ট্যানলেক, টিম ওয়ার্ড, জেক ওয়েদারাল, বিউ ওয়েবস্টার ও অ্যাডাম জাম্পা।