‘অনৈতিক কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড

সৌদি আরবের মক্কা অঞ্চলে একটি মসজিদের ভেতরে ‘অনৈতিক কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির সরকার। আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর বুধবার (১৪ অক্টোবর) তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে দণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির নাম নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার বলে উল্লেখ করা হয়েছে। এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এজেল নিউজ।  

মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, ঘটনার তদন্তের পর নিরাপত্তা বাহিনী ওই দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করে এবং তাঁদের বিরুদ্ধে অভিযোগ আনে। পরে মামলাটি সংশ্লিষ্ট আদালতে পাঠানো হলে আদালত তাঁদের দোষী সাব্যস্ত করেন।

বিবৃতিতে বলা হয়, অপরাধের গুরুত্ব এবং স্থান ও সময়ের পবিত্রতা লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত বিবেচনামূলক শাস্তি হিসেবে তাঁদের মৃত্যুদণ্ড দেন।

পরবর্তী সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রায়টি বহাল রাখে। এরপর মৃত্যুদণ্ড কার্যকরের জন্য রাজকীয় আদেশ জারি করা হয়। বুধবার মক্কা অঞ্চলে ওই দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তবে বিবৃতিতে কথিত ‘অনৈতিক কর্মকাণ্ডের’ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।