গাজীপুর জেলার শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি কারখানার শ্রমিকরা। পরে সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ। এতে যান চলাচল স্বাভাবিক হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায় অবস্থিত সি স্টেজ বিডি লিমিটেডের শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন। গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন এ তথ্য জানান।
আন্দোলনরত শ্রমিক তরিকুল, মাফুজ ও হাসমত আলী জানান, গত ১০ অক্টোবর বকেয়া বেতনের দাবিতে তারা আন্দোলন করেছিলেন। সেদিন কর্তৃপক্ষ ১৩ অক্টোবর, সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিল।
শ্রমিকদের অভিযোগ, নির্ধারিত সময় বেতন না পেয়ে তারা আবারও আন্দোলনে নামেন। বুধবার বেতন দেওয়ার কথা থাকলেও তা পরিশোধ না করে কর্তৃপক্ষ টালবাহানা করতে থাকে। এর মধ্যে বৃহস্পতিবার কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
এ পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করা এবং বেতন পরিশোধের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার প্রস্তাব দেয়। তবে শ্রমিকরা সেই প্রস্তাবে সাড়া না দিয়ে অবরোধ চালিয়ে যান। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
একপর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। প্রায় এক ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্প পুলিশের কর্মকর্তা আমজাদ হোসাইন বলেন, আন্দোলনরত শ্রমিকদের মালিকপক্ষের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়ে মহাসড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করা হয়েছিল। কিন্তু তারা অনুরোধে সাড়া না দিয়ে আন্দোলন অব্যাহত রাখেন। এ কারণে কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।
তিনি আরও বলেন, মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের বেতনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে কারখানা থেকে মেশিনপত্র সরিয়ে নেওয়ার বিষয়ে শ্রমিকদের অভিযোগ সঠিক নয়।