আলফাডাঙ্গায় স্কুলছাত্রী ধর্ষণের মামলায় যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে আকিদুল শেখ নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। আদালতে আসামির উপস্থিতিতে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ফরিদপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. আবুল বাশার মিঞা এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আকিদুল শেখ (২৫) উপজেলার নওয়াপাড়া গ্রামের সেলিম শেখের ছেলে।

‎মামলার এজাহারে জানা গেছে, ২০২১ সালের ২০ জুন সকালে তৃতীয় শ্রেণির ওই শিক্ষার্থী স্কুলে যাচ্ছিল। স্কুলে যাওয়ার পথে সড়কে পানি জমে থাকায় সে বিপাকে পড়ে যায়। এ সময় আকিদুল শেখ শিশুটিকে স্কুলে পৌঁছে দেওয়ার কথা বলে রাস্তার পাশের একটি বাঁশবাগানে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায় বলে অভিযোগ উঠে।

‎এ ঘটনার পর শিশুটি আহত অবস্থায় বিদ্যালয়ে পৌঁছালে শিক্ষকেরা তার শারীরিক অবস্থা দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন। ঘটনার কথা শুনে তারা শিশুটির পরিবারের সদস্যদের খবর দেন। পরে শিশুটিকে প্রথমে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এজাহারের তথ্যানুযায়ী, ঘটনার পরদিন ২১ জুন শিশুটির বাবা বাদী হয়ে আকিদুল শেখের বিরুদ্ধে আলফাডাঙ্গা থানায় ধর্ষণ মামলা করেন। পরে পুলিশ মামলাটি তদন্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড ও দুই লাখ টাকা জরিমানার আদেশ দেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে ‎রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং এ ধরনের অপরাধের অভিযোগ পাওয়ার পর দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার গুরুত্ব দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত আসামিকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়েছে।