ডিসেম্বরে উন্মুক্ত হচ্ছে পঞ্চবটি–মুক্তারপুর এলিভেটেড এক্সপ্রেসওয়ে

মুন্সীগঞ্জের মুক্তারপুর থেকে নারায়ণগঞ্জের পঞ্চবটি পর্যন্ত নির্মাণাধীন ৯ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে প্রকল্পটি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, প্রকল্পের অসমাপ্ত কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। কাজের সার্বিক অগ্রগতিও সন্তোষজনক। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে এটি উন্মুক্ত করার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়েটি চালু হলে মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জসহ আশপাশের এলাকার যোগাযোগব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। পাশাপাশি সাধারণ মানুষের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত হবে।

প্রকল্প পরিদর্শনের সময় স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান রতন উপস্থিত ছিলেন।

মুক্তারপুর সেতুর টোল মওকুফ কিংবা নামমাত্র টোল আদায়ের বিষয়ে স্থানীয়দের দাবির প্রসঙ্গে মন্ত্রী বলেন, সেতু ও সড়ক ব্যবস্থাপনায় টোল নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। তবে স্থানীয় জনপ্রতিনিধির উত্থাপিত যুক্তিসংগত দাবিটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

এ ছাড়া মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ক্যামেরা ও আধুনিক নজরদারি ব্যবস্থা চালুর মাধ্যমে সড়ক নিরাপত্তা ও শৃঙ্খলা জোরদার করার পরিকল্পনার কথাও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।