চুরির চেষ্টার অভিযোগে তরুণকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় এক তরুণকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চুরির চেষ্টার অভিযোগে গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে মো. ইমন (২১) নামে ওই তরুণকে মারধর করা হয়।

গতকাল বুধবার দুপুর ১২টার দিকে কল্পলোক আবাসিক এলাকার ২ নম্বর সড়কের ৫ নম্বর ব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই যুবককে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

গ্রেপ্তার চারজন হলেন– আব্দুর রহমান জিসান (২১), ইয়াছিন আরাফাত (২৩), মো. হাসান (৩৩) ও মো. মিজানুর রহমান (২৭)। তাঁরা সবাই বাকলিয়ার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, একটি পান-সিগারেটের  দোকানে চুরির চেষ্টার অভিযোগে ইমনকে আটকে মারধর করা হয়। এতে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গভীর রাতে কয়েকজন ইমনের হাত পেছনে দড়ি দিয়ে বেঁধে তাকে নিয়ে যাচ্ছেন। তাদের দুজনের পরনে নিরাপত্তাকর্মীর পোশাক এবং হাতে লাঠি দেখা যায়। দূর থেকে তোলা আরেকটি ছবিতে  দেখা যায়, এক ব্যক্তি মাটিতে ফেলে ইমনকে লাঠি দিয়ে পেটাচ্ছেন। পাশে দাঁড়িয়ে ছিলেন আরও পাঁচজন। 

বাকলিয়া থানার ওসি জানান, নিহত ইমনও বাকলিয়ার বাসিন্দা। ঘটনার পর তার ফুফু  রেহানা বেগম পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও পাঁচজনকে আসামি করে বাকলিয়া থানায় মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে। ইমনের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।