সাটুরিয়ার ওসি মোশাররফ দ্বিতীয়বার জেলার শ্রেষ্ঠ

আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদক উদ্ধার ও গ্রেপ্তারি পরোয়ানা তামিলসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ দ্বিতীয়বারের মতো মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন সাটুরিয়া থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে সেপ্টেম্বর মাসের কার্যক্রম পর্যালোচনা শেষে মানিকগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম।

সেপ্টেম্বর মাসে সাটুরিয়া থানার কার্যক্রম মূল্যায়নে ৭৩টি গ্রেপ্তারি পরোয়ানা তামিল, নিয়মিত মামলায় ৪২ জন আসামি গ্রেপ্তার এবং ২০টি মামলা নিষ্পত্তিসহ বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের জন্য তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সেপ্টেম্বর মাসে সাটুরিয়া থানা পুলিশ আটটি নন-এফআইআর প্রসিকিউশন দাখিল ও ৮৩টি বি-রোল ইস্যু করেছে। এ ছাড়া ৪৫ বার বন্দুক চেকিং পরিচালনা করা হয়েছে। মাদকবিরোধী অভিযানে ১১৬ পিস ইয়াবা, ৬৫০ গ্রাম গাঁজা ও ১৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৯ হাজার ৫০০ টাকা।

একই সময় প্রায় ২২ লাখ টাকা মূল্যের একটি মিনি ট্রাক, আড়াই লাখ টাকা মূল্যের একটি থ্রি-হুইলার সিএনজি ও সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পাশাপাশি দুই ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।

সাটুরিয়া থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, এ সম্মাননা আমার একার নয়, সাটুরিয়া থানার প্রতিটি পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ দমন ও মাদক নির্মূলে আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখতে চাই।

মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বলেন, গত সেপ্টেম্বর মাসে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার ও পরোয়ানা তামিলের ক্ষেত্রে দায়িত্বশীলতা ও পেশাদারত্বের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়েছে। জেলার সব থানার পুলিশ সদস্যদের জনবান্ধব পুলিশিং ও অপরাধ দমনে আরও আন্তরিকভাবে কাজ করতে হবে।