জমি রক্ষায় চট্টগ্রামে রেলওয়ে কর্মীদের মানববন্ধন

চট্টগ্রামের পাহাড়তলীতে রেলওয়ের ১০ দশমিক ৬২ একর জমি আত্মসাৎ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবার সকালে কাট্টলী ভূমি সার্কেলের সহকারী কমিশনারের কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আদালতের স্পষ্ট রায় ও ভূমি মন্ত্রণালয়ের সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও জমির নামজারি এবং রেকর্ড সংশোধনে অনাকাঙ্ক্ষিত গড়িমসি করা হচ্ছে। এর মাধ্যমে মূল্যবান সরকারি জমি আত্মসাতের চেষ্টা চলছে বলে তারা দাবি জানান।

আন্দোলনকারীদের তথ্যমতে, ১৯৩৪ সালে এ জমির দখল রেলওয়েকে হস্তান্তর করা হয়। পরবর্তীকালে মালিকানা নিয়ে একাধিক আইনি জটিলতা তৈরি হলেও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে রেলওয়ের স্বত্ব চূড়ান্তভাবে প্রতিষ্ঠিত হয়। এছাড়া চলতি বছরের ৩ জুন ভূমি মন্ত্রণালয় এবং ৩০ জুলাই চট্টগ্রাম জেলা প্রশাসক জমিটির রেকর্ড সংশোধন ও নামজারির নির্দেশনা দেন।

দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হলে পরবর্তীতে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা।