বাবার বিরুদ্ধে মাদকাসক্ত ছেলেকে হত্যার অভিযোগ

নরসিংদীর রায়পুরায় মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা অলিউর রহমান ও পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে উপজেলার বাহেরচর মধ্যপাড়া গ্রামে এঘটনায় নিহতের মা বেবি খন্দকার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

নিহত তারেক রহমান (২৮) ওই গ্রামের অলিউর রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, তারেক মালয়েশিয়া প্রবাসী ছিলেন। সেখানে মাদক সেবনের কারণে তাঁকে দেশে পাঠিয়ে দেওয়া হয়। দেশে ফিরেও স্থানীয় মাদকসেবীদের সঙ্গে নিয়মিত মাদক সেবন করেন। আর বর্তমানে তিনি কোন কাজ না করায় মাদকের টাকার জন্য প্রায়ই বাবা-মাকে মারধর করতেন। বুধবার রাতে মাদকের টাকার জন্য বাড়িতে ভাঙচুর করেন তারেক। এক পর্যায়ে তার বাবা অলিউর রহমান তাকে হাত-পা বেঁধে বাড়ির পেছনের একটি গোয়ালঘরে নিয়ে যান। সেখানে মারধরের একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মাথা, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তারেকের মৃত্যু হয় বলে জানান স্থানীয়রা। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত অলিউর রহমান পলাতক রয়েছেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে। নিহতের মাথার পেছনে ও ডান কানের নিচে আঘাতের চিহ্ন রয়েছে। এঘটনায় হত্যা মামলা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নেশার জন্য এ ঘটনা ঘটে থাকতে পারে বলে জানান তিনি।