দুর্গাপূজা নিয়ে কোন থ্রেট ফিল করছি না: ব্রিগ্রেডিয়ার জেনারেল সাইফুল

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উত্তর-পূর্ব রিজিওন কমান্ডার, সরাইল সদর দপ্তর ব্রিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেছেন, আসন্ন দূর্গাপুজা নিয়ে কোন রকম থ্রেট ফিল করছি না।

আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পুর্ণ ভালো আছে জানিয়ে তিনি বলেন, আমরা এ এলাকায় কোন সমস্যাও দেখছি না। আশা করি আমাদের (সরাইল রিজিওন) দায়িত্বপূর্ণ এলাকাতে কোনো সমস্যা ছাড়াই শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শ্রী শ্রী রাধামাধব আখড়া মন্দির পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

ব্রিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আগামীকাল থেকে শাররদীয় দুর্গাপূজা যাতে নির্বিঘ্নে সম্পন্ন করতে পারে এ আস্থা দিতে আমরা আজকে শ্রী শ্রী রাধামাধব আখাউড়া মন্দির পরিদর্শন করেছি। আমাদের সরাইল রিজিওনে জামালপুর থেকে ফেনী পর্যন্ত ১২’শ কিলোমিটার সীমান্ত আছে। এই সীমান্তের মধ্যে ১৩টি ব্যাটালিয়ন সীমান্তের যে দৈনন্দিন কাজ আছে সেটা ছাড়াও ১২৮ প্লাটুন বিজিবি মোতায়েন হবে। যা প্রায় আড়াই হাজার যারা শুধুমাত্র পূজার দায়িত্ব পালন করবে।

সরাইল রিজিওনের মধ্যে ৬৬৬টি পূজা মন্দির রয়েছে। এসব মন্দিরে আমাদের র‌্যাকি সম্পন্ন হয়েছে। বিজিবির সদস্যরা মন্দিরের সভাপতি সম্পাদকের সঙ্গে যোগাযোগ করেছে। যাতে যে কোন সমস্যা হলে বিজিবি দ্রুততার আসতে পারে। একইভাবে বিজিবির আটটি ব্যাজ ক্যাম্প থাকবে। যে সমস্ত বিওপি থেকে বিজিবির দায়িত্ব পালন করা দূরবর্তী সেক্ষেত্রে আমরা আটটি বেজ ক্যাম্প স্থাপন করেছি। সরাইল ব্যাটালিয়নে ৩টি বেইজ ক্যাম্প আছে।

তিনি বলেন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে যেমন, পুলিশ, আনসারের সঙ্গে আমরা যোগাযোগ রেখেছি। আমরা সবাই মিলে কাজ করছি। আশা করি ২২ অক্টোবর পর্যন্ত শারদীয় দূর্গাপুজার যে আনুষ্ঠানিকতা আছে তা নির্বিঘ্নে ও জাকঝমকপূর্ণভাবে সম্পন্ন হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন ২৫ বিজিবির (সরাইল ব্যাটালিয়ন) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ, রিজিওন সদর দপ্তর সরাইলের পরিচালক অপারেশন লেফটেন্যান্ট কর্ণেল হাসিবুল ইসলাম, সহকারি পরিচালক (ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার) মো. হাসানুজ্জামান, রাধানগর আখড়া মন্দির পরিচালনা কমিটির সভাপতি চন্দন কুমার ঘোষ, সাধারণ সম্পাদক অলক কুমার ঘোষ, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিশ্বজিৎ পাল বাবু, সাধারণ সম্পাদক জুটন বনিক প্রমুখ।