চ্যাম্পিয়নস লিগে আতলেতিকো মাদ্রিদের কাছে ২-০ ব্যবধানে হারের পর ম্যানচেস্টার ইউনাইটেডের অভ্যন্তরীণ অস্থিরতা এখন প্রকাশ্যে। ক্লাবের দলবদল নীতি ও ডিরেক্টর অব ফুটবল জেসন উইলকক্সকে নিয়ে প্রকাশ্যে বিস্ফোরক মন্তব্য করেছেন দলের আর্জেন্টাইন সেন্টার-ব্যাক লিসান্দ্রো মার্তিনেজ। এই ক্ষোভের জেরে ক্লাবে তার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে এবং রিপোর্ট অনুযায়ী— চলতি মৌসুম শেষেই ওল্ড ট্র্যাফোর্ড ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন ২৮ বছর বয়সী এই ডিফেন্ডার।
মঙ্গলবার রাতে আতলেতিকোর কাছে হারের পর মার্তিনেজ প্রকাশ্যে উইলকক্সের দলবদল ও খেলোয়াড় কেনার ব্যর্থতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি দাবি করেন, স্কোয়াডে আরও শক্তিশালী খেলোয়াড় যুক্ত করা প্রয়োজন ছিল। একই সঙ্গে কোচ মাইকেল ক্যারিকের প্রতি সমর্থন প্রকাশ করেন এবং জানান যে, ম্যানেজমেন্টের দুর্বলতার কারণে ক্যারিককে বরখাস্ত করা হতে পারে—এমন আশঙ্কা থেকে খেলোয়াড়দের ক্ষোভ তৈরি হয়েছে।
ঘটনার পরদিন বুধবার ইনস্টাগ্রামে নিজের অবস্থান ব্যাখ্যা করে মার্তিনেজ লেখেন, “ম্যাচ শেষে আমি রাগ ও হতাশা থেকেই কথাগুলো বলেছিলাম। যারা আমাকে চেনেন তারা জানেন আমি কতটা আবেগ ও জেদ নিয়ে ফুটবল খেলি। যখন ফল আমাদের পক্ষে আসে না, বিশেষ করে ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবের প্রতিনিধিত্ব করার সময়, তখন তা কষ্ট দেয়। তবে মূল দায়িত্বটা আমাদের খেলোয়াড়দেরই নিতে হবে।”
তিনি দুঃখ প্রকাশ না করে আরও যোগ করেন, ক্লাবের উঁচুমাপের ট্রফির জন্য লড়াই করার যে আকাঙ্ক্ষা, তা থেকেই তার মুখ থেকে এই শব্দগুলো বের হয়েছে।
মার্তিনেজের এই প্রকাশ্য ক্ষোভ প্রকাশ মোটেও ভালোভোবে নেয়নি ম্যানচেস্টার ইউনাইটেড বোর্ড। মাদ্রিদের মাঠে অনুষ্ঠিত ওই ম্যাচে স্বচক্ষে উপস্থিত ছিলেন ক্লাবের সহ-মালিক স্যার জিম র্যাটক্লিফ, সিইও ওমর বেরাদা এবং ডিরেক্টর জেসন উইলকক্স। দ্য অ্যাথলেটিক ও টিমটক-এর প্রতিবেদন অনুযায়ী, ক্লাবের শীর্ষ ৩ কর্মকর্তা মার্তিনেজের এই মন্তব্যকে সহজে ছেড়ে দিতে রাজি নন। তাকে বড় অংকের আর্থিক জরিমানা করা হতে পারে। তবে রয়টার্স বা ক্লাবের পক্ষ থেকে এখনও কোনো অফিসিয়াল শাস্তির ঘোষণা আসেনি। এদিকে ইএসপিএন ও স্কাই স্পোর্টস জানিয়েছে, ক্লাব ম্যানেজমেন্ট ও বোর্ড জেসন উইলকক্সের ওপর পূর্ণ আস্থা রাখছে।
চলতি মৌসুমের শেষেই ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে মার্তিনেজের চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। যদিও চুক্তিতে আরও এক বছর বাড়ানোর (ওয়ান-ইয়ার অপশন) সুযোগ রয়েছে, তবে 'দ্য অ্যাথলেটিক'-এর রিপোর্ট অনুযায়ী মার্তিনেজ চুক্তি বাড়াতে চান না। এমনকি সাম্প্রতিক বিতর্কের পর ক্লাবের পক্ষ থেকেও চুক্তি বাড়ানোর বিষয়ে দ্বিধাদ্বন্দ তৈরি হয়েছে।
এই সুযোগে লিসান্দ্রো মার্তিনেজকে দলে ভিড়াতে জোর তৎপরতা শুরু করেছে স্পেনের দুই পরাশক্তি—বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ।
স্প্যানিশ সাংবাদিক হুয়ান জেসাস জানিয়েছেন, বার্সেলোনা মার্তিনেজের পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। ফ্রি ট্রান্সফারে তাকে পাওয়ার সুযোগ তৈরি হলে আগামী গ্রীষ্মেই তাকে ক্যাম্প ন্যু-তে নিয়ে আসতে প্রস্তুত ব্লগ্রানারা। বার্সার স্পোর্টিং ডিরেক্টর দীর্ঘদিন ধরেই মার্তিনেজের পারফরম্যান্স ও প্রোফাইল পছন্দ করেন।
দলবদল বিষয়ক সাংবাদিক ডিন জোন্সের মতে, ডিয়েগো সিমিওনের আতলেতিকো মাদ্রিদও এই আর্জেন্টাইন ডিফেন্ডারকে পাওয়ার দৌড়ে বেশ ভালোভাবেই রয়েছে।