আসামি ছিনিয়ে নিতে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলার আসামিদের ছিনিয়ে নিতে হামলা চালিয়েছে মাদক কারবারিরা। এ সময় হামলায় রেলওয়ে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন—উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম ও কনস্টেবল আসিক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে মাদক সেবন ও মাদক ব্যবসার খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের কিছুক্ষণ পর কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র ও রামদা নিয়ে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা চালান।

গ্রেপ্তার ব্যক্তিরা ফাঁড়ির একটি তালাবদ্ধ কক্ষে ছিলেন। হামলাকারীরা ওই কক্ষে এলোপাতাড়ি কোপ দিয়ে তাঁদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় এসআই নুরুল ইসলাম ও কনস্টেবল আসিক বাধা দিলে তাঁদের ওপর হামলা চালানো হয়। এতে তাঁরা দুজন আহত হন।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন বলেন, ‘মাদকসহ আসামি গ্রেপ্তারের পর মাদকসেবীরা দেশীয় অস্ত্র নিয়ে ফাঁড়িতে হামলা করেছে। এতে আমাদের দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের কার্যক্রম চলছে। হামলাকারীদের দ্রুতই গ্রেপ্তার করা হবে।’