ফের মা হচ্ছেন হিলারি সোয়াঙ্ক

একাধিকবার অস্কারজয়ী হলিউড অভিনেত্রী ও নির্মাতা হিলারি সোয়াঙ্ক আবার মা হচ্ছেন। এর মাধ্যমে তৃতীয়বারের মতো মাতৃত্বের স্বাদ পেতে যাচ্ছেন ৫২ বছর বয়সী এই তারকা। খবরটি স্বামী ফিলিপ স্নাইডারের সঙ্গে ভক্তদের জানিয়েছেন অভিনেত্রী নিজেই। 

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে নিজের নতুন প্রজেক্টের কথা জানান হিলারি। মজার ছলে তিনি বলেন, অনেকেই জানতে চাইছিলেন, তার পরবর্তী কাজ কী। এরপর ইঙ্গিত দেন, সেই প্রজেক্ট আসছে ডিসেম্বরে। তার এই ঘোষণার মধ্য দিয়েই সামনে আসে তৃতীয়বার মা হতে যাওয়ার খবর। তবে সন্তানের জন্মের নির্দিষ্ট তারিখ সম্পর্কে বিস্তারিত জানাননি তিনি। 

হিলারির জীবনে প্রথম মাতৃত্বের অভিজ্ঞতা হয়েছে আরও বছর তিনেক আগে। ২০২৩ সালের এপ্রিলে যমজ সন্তানের মা হন তিনি। মেয়ে আয়া ও ছেলে ওমের জন্মের মধ্যদিয়ে জীবনে আসে এক নতুন অধ্যায়। এবার সেই পরিবারেই যোগ হতে চলেছে আরেক সদস্য। অভিনয়জীবনের ব্যস্ততার বাইরে সন্তানদের নিয়ে সময় কাটানোর মুহূর্তগুলোও বিভিন্ন সময়ে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই অভিনেত্রী।