এসবি সাবেক প্রধান মনিরুল ও তার স্ত্রীসহ চারজনের ৮৩ ব্যাংক হিসাব জব্দ

পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলাম, তার স্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সায়লা ফারজানাসহ চারজনের নামে থাকা ৮৩টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে ১৯ কোটি ৫৩ লাখ ৭২ হাজার ৩১৯ টাকা রয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুদকের উপপরিচালক মোজাম্মেল হোসেন এসব ব্যাংক হিসাব জব্দের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আয়েশা আক্তার মৌসুমী এ আদেশ দেন। দুদকের প্রসিকিউটর তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্যাংক হিসাব জব্দের আদেশ পাওয়া অপর দুজন হলেন মনিরুল ইসলামের শ্যালক ব্যবসায়ী রেজাউল আলম শাহীন ও তার স্ত্রী সানজিদা খান টুম্পা।

দুদকের তথ্য অনুযায়ী, মনিরুল ইসলামের নামে থাকা ১১টি ব্যাংক হিসাবে ৮৫ লাখ ১০ হাজার ২১৬ টাকা, সায়লা ফারজানার নামে পাঁচটি হিসাবে ৮ লাখ ২ হাজার ৬৭০ টাকা, রেজাউল আলম শাহীনের নামে ৪০টি হিসাবে ১০ কোটি ৬০ লাখ ৩৭ হাজার ৩৮২ টাকা এবং সানজিদা খান টুম্পার নামে ২৭টি হিসাবে ৮ কোটি ২ হাজার ৫১ টাকা রয়েছে।

আদালতে দেওয়া আবেদনে বলা হয়েছে, মনিরুল ইসলাম ও অন্যদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ২৫ কোটি টাকা লোপাটের অভিযোগ রয়েছে। এ ছাড়া জঙ্গিবাদের তকমা দিয়ে কুয়েত সোসাইটি ফর রিলিফ ও শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল নামের দুটি এনজিওর নিয়ন্ত্রণ গ্রহণ করে অর্থ আত্মসাৎ এবং বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নিজের ও পরিবারের সদস্যদের নামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

আবেদনে আরও বলা হয়, প্রাথমিক অনুসন্ধানে বিভিন্ন দুর্নীতির মাধ্যমে মনিরুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের অবৈধ সম্পদ অর্জন করে ভোগদখলে রাখার তথ্য পাওয়া গেছে। এসব অর্থ উত্তোলনের চেষ্টা চলছে বলেও তথ্য পাওয়া গেছে বলে আবেদনে উল্লেখ করা হয়।