নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক নিহত

নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে চাকুরিচ্যুত সাবেক সেনা সদস্য ও আইপি টিভি রূপসী বাংলার জেলা প্রতিনিধি  সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকির নিহত হয়েছেন।
 
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে দুর্গাপুরের বিরিশিরি ইউনিয়নের উৎরাইল তেলঞ্জি এলাকায় দ্বিতীয় স্ত্রীর বাড়ির সামনের চায়ের দোকানের মোড়ে এই ঘটনা ঘটে।
 
জানা গেছে, ডিটেকটিভ আর্টিকেল নামের একটি পেইজবুক পেইজও চালাতেন তিনি।
 
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ সত্যতা নিশ্চিত করে জানান, ওই এলাকার একটি টং দোকানে চা খেতে আসেন লুৎফুজ্জামান ফকির। এসময় তিনি গুলিবিদ্ধ হলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছে মরদেহ মর্গে পাঠানোর ব্যবস্থা নিচ্ছে। লুৎফুজ্জামান ফকিরের নিজ বাড়ি পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলায়।
 
স্থানীয় সূত্র ও দোকান মালিক রবিন রাংসা জানান, রাতে দোকানে চা সিগারেট খাচ্ছিলেন আলিফ ফকির। এক পর্যায়ে আরও দুজন এসে সিগারেট খায়। পরবর্তীতে ওই দোকানে মোবাইল ফেলে চলে গিয়ে পুনরায় মোবাইল নিয়ে যাওয়ার পথে দুই যুবক পরপর কয়েকটি গুলি ছুড়ে পালিয়ে যায়।
 
এদিকে ওই মোড়ের দোকানি এসব দেখে ভয়ে তিনিও পালিয়ে যান। পরে শ্বশুর বাড়ির স্বজন ও স্থানীয়রা এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার ডাক্তার রাকিবুল হাসান মৃত ঘোষণা করেন।
 
ওসি খন্দকার শাকের আহমেদ আরও জানান আইনি প্রক্রিয়া চলমান। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হবে।