এভাবেও প্রেম আসে

নাগরিক জীবনের ব্যস্ততা, সংঘাত ও ভুল বোঝাবুঝির আড়ালেই কখনো কড়া নাড়ে নতুন ভালোবাসা। এমন এক নিখাদ ও মনছোঁয়া প্রেমের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে বিশেষ টেলিফিল্ম ‘এভাবেও প্রেম আসে’। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে পারভেজ ইমামের রচনা এবং সানজিদ খান প্রিন্সের পরিচালনায় আজ দুপুর ৩টা ৫ মিনিটে এটি চ্যানেল আইয়ের পর্দায় দেখতে পাবেন দর্শক।

রোমান্টিক ও হালকা কমেডি ঘরানার এই গল্পে মূল চরিত্রে জুটি বেঁধেছেন প্রান্তর দস্তিদার ও নুসরাত আফরিন ইউমনা। নির্মাতা সানজিদ খান প্রিন্স জানান, ব্যস্ত জীবনের টানাপড়েন ছাপিয়ে দুটি মনের কাছাকাছি আসার এক সহজ-সরল ও গভীর জীবনমুখী উপস্থাপনই এই প্রজেক্টের প্রধান আকর্ষণ।

এতে আরও অভিনয় করেছেন আজম খান, হারুন রশিদ বান্টি, সিয়াম নাসির, জাস মান্নাত, মো. আনোয়ার হোসেন ও শিশুশিল্পী আয়াত।