বাতিল হওয়া 'ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ' প্রজেক্ট নিয়ে ফিফা কাউন্সিলের কাছে ক্ষমা চেয়েছেন গভর্নিং বডির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তবে এই ক্ষমাপ্রার্থনায় বরফ গলেনি ইউরোপীয় ফুটবলের দুই পরাশক্তি ইংল্যান্ড ও জার্মানির। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে সঠিকভাবে পরিচালনা করতে ইনফান্তিনো আর যোগ্য নন বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশ দুটির ফুটবল প্রধানরা।
জুরিখে ফিফা কাউন্সিলের রুদ্ধদ্বার বৈঠক শেষে প্রকাশিত এক ভিডিওবার্তায় ইনফান্তিনো স্বীকার করেন, এফএফই প্রকল্প নিয়ে যোগাযোগ ও পরামর্শের প্রক্রিয়ায় তাদের ভুল ছিল। তবে তিনি জোর দিয়ে বলেন, এটি কেবল একটি প্রস্তাব ছিল এবং চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
উল্লেখ্য, বিতর্কিত এফএফই পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল একটি পৃথক প্রতিষ্ঠান গঠন করে বিশ্বকাপসহ ফিফার প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক সত্ত্ব নিয়ন্ত্রণ করা এবং প্রাইভেট ইনভেস্টরদের কাছে সংখ্যালঘু শেয়ার বিক্রি করা। ফিফার ২১১টি সদস্য দেশের জন্য অতিরিক্ত তহবিল সংগ্রহের উদ্দেশ্যে এই পরিকল্পনা করা হয়েছিল বলে জানান ইনফান্তিনো।
ইনফান্তিনোর এই দুঃখপ্রকাশকে 'যথেষ্ট নয়' বলে অভিহিত করেছেন জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফবি) সভাপতি বের্ন্ড নয়েনডর্ফ। তিনি মনে করেন, ইনফান্তিনো মূলত কাউন্সিল সদস্যদের সাথে আলোচনা না করার জন্য ক্ষমা চেয়েছেন, পুরো প্রকল্পের ভুল সিদ্ধান্তের জন্য নয়।
নয়েনডর্ফ সরাসরি ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে বলেন:
“ফিফায় যে বড় ধরনের প্রশাসনিক সংস্কার প্রয়োজন, তা সবারই জানা। কিন্তু জিয়ান্নি ইনফান্তিনোকে দায়িত্বে রেখে এই সংস্কার কোনোভাবেই সম্ভব নয়। আমাদের এখন ফিফায় একটি ‘কমপ্লিট রিস্টার্ট’ বা নতুন রাজনৈতিক সূচনা প্রয়োজন।”
তিনি আরও অভিযোগ করেন, কাউন্সিল সদস্যরা এমন একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের কথা ফিফার শীর্ষ নেতৃত্বের বদলে সংবাদমাধ্যমের মাধ্যমে প্রথম জানতে পেরেছেন, যা অত্যন্ত উদ্বেগজনক।
ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) চেয়ারপার্সন ডেবি হিউইট বলেছেন, কাউন্সিল সদস্যদের উত্থাপিত প্রশ্নগুলোর স্পষ্ট জবাব দিতে হবে ইনফান্তিনোকে। তা না হলে তিনি সভাপতি পদে থাকার যোগ্যতা হারাবেন।
হিউইট বলেন:
“যদি লুকানোর কিছু না থাকে, তবে এফএফই প্রকল্পের সমস্ত নথিপত্র প্রকাশ্যে আনা হোক। এছাড়া ফোল্যারিন বালোগানের লাল কার্ডের শাস্তি স্থগিত করা এবং ডোনাল্ড ট্রাম্পকে 'ফিফা পিস প্রাইজ' দেওয়ার সিদ্ধান্তের প্রক্রিয়াগুলো নিয়েও স্পষ্ট জবাবদিহিতা প্রয়োজন।”
ইউরোপীয় ফুটবলের দিক থেকে তীব্র সমালোচনা আসলেও আফ্রিকার ফুটবল প্রধানরা এখনো ইনফান্তিনোর ওপর আস্থা রাখছেন। মৌরিতানিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি আহমেদ ইয়াহিয়া ইনফান্তিনোর পক্ষে সাফাই গেয়ে জানান, ইনফান্তিনোর নেতৃত্বেই বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়ন ঘটেছে, জাতীয় অ্যাসোসিয়েশনগুলোর তহবিল বেড়েছে এবং বিশ্বকাপ ৪৮ দলে উন্নীত হয়েছে।
তিনি জোর দিয়ে বলেন, অধিকাংশ সদস্য দেশই চায় ইনফান্তিনো সভাপতি পদে বহাল থাকুক।