নাটোরের লালপুরে অসহায় ও দরিদ্র মানুষের কর্মসংস্থান সৃষ্টি, আত্মকর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং জীবনযাত্রার মানোন্নয়নে কাতার চ্যারিটির অর্থায়নে ২৪টি যানবাহন ও মেশিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে লালপুর উপজেলা পরিষদ চত্বরে গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থার উদ্যোগে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিতরণ করা উপকরণের মধ্যে রয়েছে ৮টি সিএনজি, ৮টি অটোরিকশা ও ৮টি ক্রাশার মেশিন। এসব উপকরণ পেয়ে উপকারভোগীরা কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
কাতার চ্যারিটির অর্থায়নে ও গ্লোবাল উন্নয়ন সেবা সংস্থার উদ্যোগে দরিদ্র মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির সহায়ক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। যানবাহন ও মেশিনগুলো যথাযথভাবে ব্যবহার করা হলে উপকারভোগীদের আয়ের সুযোগ তৈরি হবে এবং তাঁদের পরিবারে আর্থিক স্বচ্ছলতা আনতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মো. মেশকাতুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আবির হোসেন, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পুসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।