রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর জন্মদিন আজ

দ্রোহ ও প্রেমের কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর জন্মদিন আজ।  তার জন্ম ১৯৫৬ সালের ১৬ অক্টোবর বরিশালে। বিংশ শতাব্দীর সত্তরের দশকের বাংলা কবিতায় সামাজিক বৈষম্য, রাজনৈতিক অস্থিরতা, শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে উচ্চারিত তার কবিতা তাকে স্বতন্ত্র পরিচিতি এনে দিয়েছে। একই সঙ্গে প্রেম, বিরহ ও ব্যক্তিমানুষের আবেগও তার কবিতার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে ওঠে।

শৈশব ও কৈশোরের একটি বড় সময় কেটেছে বাগেরহাটের মোংলায়। পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত হন। মুক্তিযুদ্ধ-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা তার লেখায় গভীরভাবে প্রতিফলিত হয়েছে।

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর কবিতায় রাষ্ট্র ও সমাজের নানা অসংগতির বিরুদ্ধে প্রতিবাদ যেমন ছিল, তেমনি ছিল মানুষের প্রতি গভীর মমতা। তার প্রেমের কবিতায় ব্যক্তিগত অনুভূতি, বিচ্ছেদ ও অভিমান প্রকাশ পেয়েছে তীব্রভাবে। ফলে দ্রোহ ও প্রেম দুই ভিন্ন অভিজ্ঞতাকে তিনি একই কাব্যভুবনে ধারণ করেছিলেন। ‘উপদ্রুত উপকূল’, ‘ফিরে চাই স্বর্ণগ্রাম’ ও ‘মানুষের মানচিত্র’সহ তার কাব্যগ্রন্থগুলো বাংলা সাহিত্যে আলোচিত। কবিতার পাশাপাশি তিনি গানও লিখেছেন। তার লেখা ‘ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’ গানটি আজও জনপ্রিয়।

১৯৯১ সালের ২১ জুন মাত্র ৩৪ বছর বয়সে মারা যান রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ। স্বল্পায়ু জীবনে তার সাহিত্যকর্ম বাংলা কবিতায় প্রতিবাদী ও মানবিক একটি স্বর প্রতিষ্ঠা করে। সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে ২০২৪ সালে মরণোত্তর একুশে পদকে ভূষিত হন।