ফেনীতে চলাচলের পথ বন্ধ করে দেয়াল নির্মাণ

ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের চিথলিয়া গ্রামে রাতের অন্ধকারে যাতায়াতের পথ রুদ্ধ করে দেয়াল নির্মাণ ও চলাচলের পথ বন্ধ করা নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে বিরোধ দেখা দিয়েছে। নিজের নামে খতিয়ানভুক্ত জমিতে ঘর নির্মাণ করতে গিয়ে হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন ইতালিপ্রবাসী ফজলুল করিম শহীদ। অন্যদিকে, পূর্বপূরুষদের আমল থেকে ব্যবহার করে আসা চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ করেছেন মোহাম্মদ ইয়াসিন চৌধুরী। এ ঘটনায় অবরুদ্ধ হয়ে পড়েছেন দুই বাড়ির লোকজন।

জানা যায়, উপজেলার চিথলিয়া গ্রামের বাসিন্দা ফজলুল করিম শহীদ ও মোহাম্মদ ইয়াসিন চৌধুরী পরস্পরের প্রতিবেশী। বাড়ির পূর্ব পাশের জমিতে দেয়াল নির্মাণকে কেন্দ্র করে গত শনিবার বিরোধের সূত্রপাত হয়।

ইতালি প্রবাসী ফজলুল করিম শহীদ বলেন, আমরা আমাদের জমিতে দেয়াল নির্মাণ করে ঘর তৈরি করছি। ইয়াসিন চৌধুরীদের ফেনী-পরশুরাম সড়কের দিক দিয়ে চলাচলের রাস্তা রয়েছে। তারা সেই রাস্তা দিয়ে যাতায়াত করেন। আমরা নিজেদের জমি নিজেদের প্রয়োজনে ব্যবহার করছি। এতে তাদের সমস্যা কোথায়?

এদিকে, মোহাম্মদ ইয়াসিন চৌধুরী বলেন, পূর্বপুরুষদের আমল থেকে আমরা এই রাস্তা দিয়ে যাতায়াত করে আসছি। গায়ের জোরে বহিরাগত লোকজন দিয়ে দেয়াল নির্মাণ করে চলাচলের রাস্তাটি বন্ধ করে দেন। বিষয়টি পরশুরাম মডেল থানাকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেয়।

এ বিষয়ে পরশুরাম মডেল থানার ওসি মো. আশরাফুল ইসলাম বলেন, জায়গাটি নিয়ে পারিবারিক বিরোধ রয়েছে। সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করা হলে বিষয়টির সমাধান হবে।