অসদাচরণের অভিযোগ

লালমনিরহাটের যুগ্ম জেলা জজ আরিফুল বরখাস্ত

বরখাস্ত হলেন লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আরিফুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের বিচার শাখা-৩ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তার বিরুদ্ধে পেশাগত অসদাচরণের অভিযোগ আনা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, শরীয়তপুরের সাবেক সিনিয়র সহকারী জজ (পরবর্তীতে ঢাকার যুগ্ম জেলা ও দায়রা জজ) এবং বর্তমানে লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত মো. আরিফুল ইসলামের বিরুদ্ধে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭’-এর বিধি ২(ক) ও ২(চ) অনুযায়ী যথাক্রমে ‘অদক্ষতা’ ও ‘অসদাচরণ’-এর অভিযোগে একটি বিভাগীয় মামলা (নং ০২/২০২৬) রুজু করা হয়েছে।

অভিযোগের সুষ্ঠু তদন্ত ও অনুসন্ধানের স্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করার জন্য সুপ্রিম কোর্ট পরামর্শ প্রদান করেছে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭-এর বিধি ১১ অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।