সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। গত বুধবার রাতে রাজধানীর ধানম-ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৭ বছর। আব্দুল হাই তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে আব্দুল হাইয়ের প্রথম জানাজা রাজধানী ঢাকায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের মন্ত্রী, এমপিসহ সংসদের হুইপরা অংশ নেন।  এরপর তার লাশ মুন্সীগঞ্জে নিয়ে যাওয়া হয়। বাদ মাগরিব শহরের থানারপুল এলাকার জেলা বিএনপির কার্যালয়ের সামনে দ্বিতীয় ও রাতে নিজ এলাকা মিরেশ্বরাই মাদ্রাসার ঈদগা মাঠে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাতেই শহরের উপকণ্ঠ পঞ্চসার ইউনিয়নের গোসাইবাগ গ্রামের কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

রাজনৈতিক জীবনে আব্দুল হাই পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী, জাতীয় সংসদের প্যানেল স্পিকার ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন।

আব্দুল হাইয়ের জন্ম ১৯৪৯ সালের ৫ জানুয়ারি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী গ্রামে। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৭৩ সালে পঞ্চসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে জনপ্রতিনিধি হিসেবে তার যাত্রা শুরু হয়। ১৯৭৮ সালে বিএনপিতে যোগ দিয়ে ১৯৭৯ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯১, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি, একই বছরের ১২ জুন এবং ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনেও তিনি জয়ী হন।

রাষ্ট্রপতির শোক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

গতকাল বৃহস্পতিবার এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ছিলেন একজন প্রবীণ ও অভিজ্ঞ রাজনীতিবিদ।

তিনি বলেন, দেশ ও মানুষের কল্যাণ, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম এবং মুন্সীগঞ্জের আর্থ-সামাজিক উন্নয়নে আব্দুল হাইয়ের অবদান স্মরণীয় হয়ে থাকবে।

রাষ্ট্রপতি মরহুম আব্দুল হাইয়ের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্য, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রধানমন্ত্রীর শোক : প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক উপমন্ত্রী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, পাঁচবারের সাবেক এমপি, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

গতকাল বৃহস্পতিবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, মরহুম আব্দুল হাই ছিলেন একজন নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ। তিনি ছিলেন গণতন্ত্রের প্রতি অবিচল আস্থাশীল ও জাতীয়তাবাদী আদর্শের একজন পরীক্ষিত সৈনিক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে সাংগঠনিকভাবে শক্তিশালী ও সুসংগঠিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বলেন, তৃণমূল পর্যায়ে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে এবং জনগণের সঙ্গে দলের সম্পর্ক সুদৃঢ় করতে মরহুম আব্দুল হাইয়ের অবদান স্মরণীয় হয়ে থাকবে।

তারেক রহমান বলেন, আব্দুল হাইয়ের মৃত্যুতে বিএনপি একজন অভিজ্ঞ, ত্যাগী ও আদর্শনিষ্ঠ নেতাকে হারাল। তার মৃত্যু দেশের জাতীয়তাবাদী রাজনীতির জন্য এক অপূরণীয় ক্ষতি।