বাসা বরাদ্দের ফল প্রকাশ

সরকারি বাসা বরাদ্দের প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, সহজ, দ্রুত ও জনবান্ধব করতে অনলাইনে বরাদ্দের ফল প্রকাশ কার্যক্রম শুরু করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি আবাসন পরিদপ্তরের বিভিন্ন শ্রেণির ৫৪টি শূন্য বাসা বরাদ্দের জন্য গত ১৫ সেপ্টেম্বর অনলাইনে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ১৬ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। এতে মোট ৫৯৬টি আবেদন জমা পড়ে। যাচাই-বাছাই শেষে ৩৪২টি আবেদন গ্রহণযোগ্য বিবেচিত হয়। প্রয়োজনীয় শর্তপূরণ না করায় বাতিল করা হয় ২৫৪টি আবেদন।

উদ্বোধনী অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা নিশ্চিত করা এবং নাগরিক সেবা সহজীকরণ সরকারের অঙ্গীকার। মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রমে স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করার অংশ হিসেবে সরকারি আবাসন পরিদপ্তরের বাসা বরাদ্দ প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করতে অনলাইনে বরাদ্দের এই উদ্যোগ নেওয়া হয়েছে।