দূষিত শহরের তালিকায় আজ চতুর্থ ঢাকা

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে রয়েছে সিঙ্গাপুর শহর, যার স্কোর ২৩৬। এই মান নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। অন্যদিকে আজ চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। যার বায়ুমান স্কোর ১৮১। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, বাতাসের এই মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

সে হিসেবে ২৩৬ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে সিঙ্গাপুর শহর। দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা শহর (স্কোর ১৮৯)। তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর (স্কোর ১৮৪) এবং পঞ্চম অবস্থানে রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর শহর (স্কোর ১৭৮)।

দূষিত বাতাসে শীর্ষ দশে থাকা অন্য শহরগুলোর বাতাসের মানের স্কোর ১৬০ থেকে ২৩৬-এর মধ্যে।