মুন্সীগঞ্জে ধারালো অস্ত্রের আঘাতে যুবককে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চর-কেওয়ার ইউনিয়নের টরকি গ্রামে মুন্না মৃধা (৫৫) নামে এক যুবকক ধারালো অস্ত্র দিয়ে উপুর্যুপরি আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে তাকে রক্তাক্ত অবস্থায় নিজ বাড়ির সামনে থেকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় বাড়ি থেকে বের হয় সে। পরে শুক্রবার ভোরে তাকে বাড়ির সামনে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন জানান, নিহত মুন্না মাদকাসক্ত ও মাদক বেচাকেনার সাথে জড়িত ছিলেন। মাদকদ্রব্য বেচাকেনার দ্বন্দের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। 

নিহত মুন্নার হাতের রগ ধারালো অস্ত্রের আঘাতে কেটে দেওয়া হয়েছে এবং তার পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি। 

হত্যাকাণ্ডের ঘটনা উদঘাটনে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে বলেও জানান তিনি।