রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার অভিযোগে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক আসামিদের ছিনিয়ে নিতে মাদক ব্যবসায়ীদের হামলা ও  পুলিশ সদস্যদের আহতর ঘটনায় তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন, শুভ আহমেদ (২০), মো. ইয়াসিন (২৬), সারোয়ার হোসেন হৃদয় (২৩)। 

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকালে মাদক সেবন ও মাদক ব্যবসা করছে এমন সংবাদ পেয়ে দুজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তারের কিছুক্ষণ পরেই কয়েকজন দেশীয় অস্ত্র, রামদা নিয়ে পুলিশ ফাঁড়িতে হামলা করে। গ্রেপ্তারকৃত আসামিরা তালাবদ্ধ রুমে ছিল। এ সময় তারা ওই রুমে এলোপাতাড়ি কুপিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় এস আই নুরুল ইসলাম ও কনস্টেবল আসিক বাধা দিলে তাদের উপর হামলা করা হয়। এতে ওই দুইজন পুলিশ সদস্য আহত হয়েছে।

এঘটনায় রাতেই রেলওয়ে পুলিশ একটি মামলা করে। মামলার পরেই গাজীপুর সদর থানা পুলিশ, ডিবি ও রেলওয়ে পুলিশ অভিযান চালায়৷ অভিযানে হামলায় সরাসরি জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করে৷ 

জয়দেবপুর রেলওয়ে পুলিশের ইনচার্জ ফারুক হোসেন বলেন, হামলার ঘটনায় একটি মামলা করা হয়। পরে সদর থানা পুলিশ, ডিবি ও আমরা মিলে ৩ জনকে গ্রেপ্তার করেছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।