‘মেসির মতো আর কাউকে দেখা যাবে না’ 

পিএসজির ড্রেসিংরুমে লিওনেল মেসি, নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে কিংবা আনহেল ডি মারিয়াদের মতো বিশ্ব ফুটবলের চার মহাতারকার সঙ্গে একসাথে ড্রেসিংরুম ভাগ করে নেওয়ার সুযোগ পেয়েছিলেন খুব কম ফুটবলারই। তাদের মধ্যে একজন অ্যান্ডার হেরেরা। তবে বিশ্ব ফুটবলের সেরা সব নক্ষত্রদের খুব কাছ থেকে দেখলেও স্প্যানিশ এই মিডফিল্ডারের কাছে মেসি বাকি সবার চেয়ে একদম আলাদা ও অনন্য। 

সাবেক ইংলিশ ডিফেন্ডার রিও ফার্দিনান্দের পডকাস্টে দেওয়া এক সাম্প্রতিক সাক্ষাৎকারে মেসিকে নিয়ে নিজের বিস্ময়কর অভিজ্ঞতার কথা জানানোর পাশাপাশি, ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড কোচ টমাস টুখেলের ট্যাকটিক্স নিয়েও তীব্র বিস্ময় প্রকাশ করেছেন সাবেক এই ম্যানচেস্টার ইউনাইটেড তারকা।

পিএসজিতে কাটানো সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে রিও ফার্দিনান্দ কেবল মেসি, নেইমার ও এমবাপ্পের কথা বললে, তাকে সংশোধন করে দিয়ে হেরেরা বলেন, ‘আপনি কিন্তু ডি মারিয়ার কথা ভুলে যাচ্ছেন! এই চারজন ফুটবল ইতিহাসের এক একটি দানব। তারকাদের সঙ্গে খেলার চাবিকাঠি হলো তাঁদের প্রয়োজন বোঝা। মেসি বা নেইমারের মতো ফুটবলাররা চান আপনি তাঁদের বল দেবেন এবং তাঁদের পেছনে ব্যাক-আপ হিসেবে থাকবেন। আপনি যদি নিজের সীমার বাইরে গিয়ে অতিরিক্ত কিছু করতে চান, তবে ভুল করবেন।’ 

২০২১ সালের চ্যাম্পিয়নস লিগের পিএসজির হয়ে খেলার সময় মেসির সঙ্গে হেরেরা, ছবি: সংগৃহীত

ম্যাচ তো বটেই, এমনকি অনুশীলনেও মেসির নিখুঁত দক্ষতা ও ধারাবাহিকতা কীভাবে সতীর্থদের হতবাক করে দিত, সেই অভিজ্ঞতা বর্ণনা করে উচ্ছ্বসিত কণ্ঠে হেরেরা আরও যোগ করেন, ‘আমার দৃষ্টিতে মেসি এমন একজন ফুটবলার, যার মতো দ্বিতীয় কাউকে বিশ্ব আর কখনোই দেখবে না। শুধু মূল ম্যাচেই নয়, অনুশীলনের প্রতিটি সেশনেও তিনি অবিশ্বাস্য। অনুশীলনে কতবার মেসি বল হারিয়েছেন, তা আমি গুণে বলে দিতে পারি, সংখ্যাটা একদম শূন্য! রন্ডো অনুশীলনে (বলের মহড়া) তিনি কখনোই মাঝে যাননি, অর্থাৎ ভুল করেও বল হারাতেন না…৩৯ বছর বয়সে এসেও তিনি এখনো একই তেজ নিয়ে খেলছেন। পুরো ম্যাচ হয়তো শান্ত থাকলেন, কিন্তু ৭৫তম মিনিটে বল পেলেই ম্যাচ জিতিয়ে দিচ্ছেন।’ 

মেসির প্রশংসায় পঞ্চমুখ হওয়ার পাশাপাশি একই সাক্ষাৎকারে সাবেক গুরু টুখেলের ট্যাকটিক্স নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বর্তমানে সারাগোসায় খেলা এই স্প্যানিশ ফুটবলার। ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে টুখেলের নেওয়া অদ্ভুত সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে হেরেরা বলেন, ‘বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে টুখেল যা করেছিলেন, তা আমি কোনোভাবেই মেলাতে পারছিলাম না। পিএসজিতে যে কোচকে আমি পেয়েছিলাম, যাঁর অধীনে আমি খেলেছি, তার সাথে এই রূপ মিলছিল না। খেলা দেখার সময় দেখলাম তিনি দু'জন ফরোয়ার্ডকে তুলে নিয়ে দু'জন ডিফেন্ডার নামাচ্ছেন! এটি সেই টুখেল নন যাকে আমি জানতাম। তিনি সবসময় বল দখলে রেখে আক্রমণাত্মক ফুটবল খেলায় বিশ্বাসী ছিলেন। অথচ তিনি এমন কিছু করে ম্যাচটা হারলেন, যা পুরো ক্যারিয়ারে কখনো করেননি।’