চেরনোবিল পারমাণবিক বিদ্যুতকেন্দ্র মেরামতে ৫ কোটি ইউরো দেবে জার্মানি

ইউক্রেনের চেরনোবিল পরমাণু বিদ্যুৎকেন্দ্র মেরামতের জন্য ৫ কোটি ইউরো আর্থিক সহায়তা দেবে জার্মানি। শুক্রবার (১৬ অক্টোবর) এই ঘোষণা করেছেন জার্মানির অর্থমন্ত্রী লার্স ক্লিংবাইল। মার্কিন ডলারে এই অর্থের পরিমাণ প্রায় ৫ কোটি ৬০ লক্ষ ডলার। খবর রয়টার্সের। 

ক্লিংবাইল জানিয়েছেন, এই অর্থ বরাদ্দের বিষয়টি বর্তমানে জার্মান সংসদের বিবেচনাধীন রয়েছে। আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে প্রস্তাবটি অনুমোদিত হতে পারে বলে আশা করা হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার ব্যাংককে ফ্রান্সের অর্থমন্ত্রী রোলাঁ লেসক্যুর জানিয়েছিলেন, চেরনোবিল পরমাণু বিদ্যুৎকেন্দ্র মেরামতের জন্য জি৭ গোষ্ঠীভুক্ত দেশগুলি ইউক্রেনের জন্য মোট ২৬ কোটি ইউরো সংগ্রহ করেছে।

জার্মানির অর্থমন্ত্রী ক্লিংবাইল বলেন, “গতকাল এটা স্পষ্ট হয়েছে যে, এই উদ্যোগের সঙ্গে যুক্ত প্রত্যেকেই নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন এবং আর্থিক সহায়তা দিতে আগ্রহী।”

অন্যদিকে, লেসক্যুর জানিয়েছেন, আগামী ৯ নভেম্বর প্যারিসে একটি সম্মেলনের আয়োজন করা হবে। সেখানে বিভিন্ন দাতা দেশ ও সংস্থার প্রতিনিধিরা একত্রিত হবেন এবং চেরনোবিল বিদ্যুৎকেন্দ্র মেরামতের জন্য আরও অর্থ সংগ্রহের উদ্যোগ নেওয়া হবে।

উল্লেখ্য, চেরনোবিল পরমাণু বিদ্যুৎকেন্দ্রের সম্পূর্ণ পুনরুদ্ধারের জন্য প্রায় ৫০ কোটি ইউরো প্রয়োজন বলে অনুমান করা হচ্ছে। সেই বিপুল ব্যয়ের জোগান নিশ্চিত করতেই আন্তর্জাতিক স্তরে আর্থিক সহায়তা সংগ্রহের চেষ্টা চলছে।