ইন্তার মিলানের আক্রমণভাগের প্রাণভোমরা লাউতারো মার্তিনেজের বাম পায়ের পেশির চোট কেবল ক্লাব কর্তাদেরই কপালে চিন্তার ভাঁজ ফেলেনি, একইসাথে বড় ধাক্কা হয়ে এসেছে আর্জেন্টিনার ড্রেসিংরুমেও। লিওনেল স্কালোনির আক্রমণভাগের নিয়মিত একাদশ কিংবা প্রথম পছন্দের মূল স্ট্রাইকার ‘এল তোরো’ খ্যাত এই তারকাকে ছাড়াই নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে মাঠে নামার চরম আশঙ্কায় ভুগছে আলবিসেলেস্তেরা।
যেখানে লিওনেল মেসিকে ছাড়া নতুনভাবে দল গোছানোর প্রক্রিয়া শুরু করছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা সেখানে নির্ভরযোগ্য এই গোলমেশিনের অনুপস্থিতি স্কালোনির দল সাজানোর সমীকরণকে নতুন করে জটিল করে তুলেছে।
গত মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে ক্লাব ব্রুগার বিপক্ষে ৪-৩ ব্যবধানে হারের ম্যাচে চোট পান লাউতারো। এরপর বৃহস্পতিবার সকালে করানো মেডিকেল পরীক্ষা পর ইন্তার তারকার বাম উরুর ফ্লেক্সর পেশিতে চোটের খবর নিশ্চিত করা হয়। আগামী মাসের আন্তর্জাতিক বিরতর আগে লাউতারো আর মাঠে ফিরতে পারছেন না বলে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইতালিয়ান ক্লাবটি। যেখানে চ্যাম্পিয়নস লিগ ও সিরি আ মিলিয়ে ইন্তারের হয়ে টানা ৭টি গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করতে পারেন তিনি। এর মধ্যে রয়েছে আগামী ৩১ অক্টোবরের হাই-ভোল্টেজ ‘মিলান ডার্বি’।
একইসঙ্গে আর্জেন্টিনার প্রস্তাবিত নভেম্বর ফিফা উইন্ডোর প্রীতি ম্যাচগুলোতে (যেখানে বুয়েনস আইরেসের লা বোম্বোনেরায় উরুগুয়ে এবং পরবর্তীতে কোস্টারিকার বিপক্ষে ম্যাচের সূচি চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে) লাউতারোর খেলা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। তার এই ছিটকে যাওয়ার খবরে আর্জেন্টিনা জাতীয় দলে স্ট্রাইকিং পজিশনে জায়গা করে নেওয়ার লড়াইয়ে বেশ কয়েকজন তরুণ ও উদীয়মান ফুটবলারের জন্য খুলে যাচ্ছে নতুন সম্ভাবনার দরজা।
লাউতারোর বিকল্প হিসেবে এখন সবচেয়ে বেশি আলোচনায় উঠে আসছে পালমেইরাস ফরোয়ার্ড হোসে ম্যানুয়েল লোপেজ, যাকে সবাই চেনে 'এল ফ্লাকো' নামে চেনে। ফিজিক্যাল ব্যাক-টু-গোল প্লে এবং আক্রমণ সামলানোর দক্ষতায় লাউতারোর সাথে যার মিল লক্ষণীয়। চলতি বছর পালমেইরাসের হয়ে ৫৪ ম্যাচে ২৩ গোল ও ১১ অ্যাসিস্ট করা লোপেজ পুয়ের্তো রিকোর বিপক্ষে অভিষেক ম্যাচের পর মূলত বদলি হিসেবেই খেলেছেন। গত সেপ্টেম্বরে বলিভিয়ার বিপক্ষে ৪-০ ব্যবধানে জয়ের ম্যাচেও জাতীয় দলের জার্সিতে নিজের প্রথম গোল তুলে নেন তিনি। লাউতারোর অনুপস্থিতি লোপেজকে শুরু থেকেই খেলার শক্ত সুযোগ এনে দিতে পারে।
আক্রমণভাগের দৌড়ে আরও একজন সম্ভাবনাময় নাম রোমার স্ট্রাইকার সান্তিয়াগো কাস্ত্রো। সম্প্রতি বুরকিনা ফাসোর বিপক্ষে জাতীয় দলে অভিষেক ম্যাচে নেমেই এক দূরপাল্লার ক্ষুরধার শটে বারপোস্ট কাঁপিয়ে স্কেলোনির নজর কেড়েছিলেন তিনি। লাউতারোর চোটে তিনিও পেতে পারেন টানা ম্যাচ খেলার সুবর্ণ সুযোগ।
অন্যদিকে, আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস তাদের এক বিশেষ প্রতিবেদনে জানিয়েছে, স্কালোনি যদি একক স্ট্রাইকার হিসেবে কেবল হুলিয়ান আলভারেজের ওপরই পূর্ণ আস্থা রাখেন, তবে উইং বা অ্যাটাকিং মিডফিল্ডে লিওনেল ফ্লোরেস, মাতিয়াস সুলে, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, জানলুকা প্রেস্তিয়ানি, ভালেনতিন বার্কো কিংবা জুলিয়ানো সিমিওনেদের মতো প্রতিশ্রুতিশীল উদীয়মানদের প্রথম একাদশে সুযোগ পাওয়ার পথ সুগম হবে। একইসাথে মাঝমাঠে রক্ষণে সহায়তা ও বল ডিস্ট্রিবিউশনের কাজে এক্সেকিয়েল পালাসিওস ও ইকুই ফার্নান্দেসকেও ঘুরিয়ে-ফিরিয়ে দেখতে পারেন আলবিসেলেস্তে কোচ।