শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার ১ হাজার ৮০০ সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে পূজাসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১২ টার দিকে পাঁচবিবি রেলস্টেশনের পূর্ব পাশে খাদ্যগুদাম সংলগ্ন স্কুল মাঠে পাঁচবিবি পৌরসভার মেয়র প্রার্থী ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মণ্ডলের ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে এসব পূজাসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রতিটি পরিবারের হাতে একটি শাড়ি, চিনি ও নারিকেলসহ প্রায় ১ হাজার টাকা মূল্যের পূজাসামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয়।
এ সময় পাঁচবিবি পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ সজলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি সামছুল হোদা দুলাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু পরমেশ্বর, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক নেতা অধ্যাপক সুশীল দাস, সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র দাস, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ সরকার বাপ্পী, দমদমা পৌর মহাশ্মশানের সভাপতি মনোরঞ্জন দাস রতন, বারোয়ারী মন্দিরের সাধারণ সম্পাদক গোকুল চন্দ্র, খালেদা তারেক মুক্তি পরিষদের সভাপতি খালেক চৌধুরী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
এ সময় পাঁচবিবি পৌরসভার মেয়র প্রার্থী শামীম বলেন, আমার একটি আশা আছে। আগামী পৌরসভা নির্বাচনে আপনাদের সেবা করার জন্য মেয়র পদে নির্বাচন করতে যাচ্ছি। আপনারা যদি আমার পাশে থাকেন এবং আমাকে সমর্থন করেন ও ভোট দেন তাহলে আগামীতে আরও ব্যাপকভাবে সহযোগিতা করতে পারবো।