মোহামেডানের তিনে তিন, সিটির বিপক্ষে দাপট কিংসের

বাংলাদেশ প্রিমিয়ার লিগে জয়ের ধারা শতভাগ ধরে রাখল মোহামেডান স্পোর্টিং ক্লাব। মানিকগঞ্জে পিডব্লিউডিকে ২-০ ব্যবধানে হারিয়ে আসরের শুরুর তিন ম্যাচের তিনটিতেই জিতল তারা। এদিকে সিটি ক্লাবের বিপক্ষে নিজেদের দাপট ধরে রেখেছে বসুন্ধরা কিংস। গাজিপুরে তারা ম্যাচটা জিতেছে ৩-০ ব্যবধানে। 

দিয়াবাতে-রাকিবের লক্ষ্যভেদে মোহামেডানের হ্যাটট্রিক জয়

মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই পিডব্লিউডির রক্ষণে একের পর এক আক্রমণ চড়ায় সাদা-কালোরা। ১১তম মিনিটে আরিফের কাটব্যাক থেকে সোহেল রানা জুনিয়রের শট সাজু আহমেদ রুখে দেওয়ার পর ২২ মিনিটে মোজাফফরভ ও ৩৬ মিনিটে সোহেল রানার শট লক্ষ্যভ্রষ্ট হয়। উল্টো প্রথমার্ধের ৪২তম মিনিটে পিডব্লিউডির এমবিদা ইয়োহানের শট পোস্টে লাগলে নিশ্চিত গোল হজম থেকে বাঁচে মোহামেডান। প্রথমার্ধ শেষ হয় গোল শূন্য স্কোরলাইন। 

তবে বিরতির পরপরই ইমানুয়েল সানডেকে মাঠে নামিয়ে মাস্টারস্ট্রোক খেলেন মোহামেডান কোচ ফার্নান্দো সান্তিয়াগো ভারেলা। মাঠে নেমেই চমৎকার এক ক্রস বাড়ান সানডে, আর দুর্দান্ত হেডে ডেডলক ভাঙেন সোলেমান দিয়াবাতে। তবে ৫৬ মিনিটে সমতায় ফেরার সুযোগ হাতছাড়া করে পিডব্লিউডি; আবু বক্কর আলির শট পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। 

লিড ধরে রেখে ৭৮তম মিনিটে দিয়াবাতের দারুণ কাটব্যাক থেকে মিনহাজ রাকিব চমৎকার হেডে বল জালে জড়িয়ে ২-০ ব্যবধান নিশ্চিত করেন। টানা ৩ জয়ে শতভাগ সাফল্যে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে মোহামেডান, যেখানে সমান পয়েন্টে শীর্ষে রয়েছে বাংলাদেশ পুলিশ।

রবসন-এমেকার জাদুতে চেনা রূপে বসুন্ধরা কিংস

অপর ম্যাচে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে প্রথমার্ধে আধিপত্য দেখালেও ফিনিশিংয়ের অভাবে জালের দেখা পাচ্ছিল না বসুন্ধরা কিংস। ম্যাচের শুরুতেই কাইকে জেসুস ও পরবর্তীতে মানিশ দাঙ্গির পাস থেকে রবসন রবিনহো গোলরক্ষককে পরাস্ত করতে ব্যর্থ হন। এরপর প্রথমার্ধের শেষের দিকে সিটির এনামুল গাজী সুযোগ নষ্ট করার পর বিরতির ঠিক আগে কাইকে জেসুস আরও একবার সুযোগ হাতছাড়া করলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।

তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৯তম মিনিটে জেসুসের সাথে চমৎকার বোঝাপড়ায় বক্সে ঢুকে নিপুণ প্লেসিং শটে অচলাবস্থা ভাঙেন অধিনায়ক রবসন রবিনহো। ৬৯ মিনিটে সিটির শায়েখ হেডে প্রায় সমতা এনে ফেলেছিলেন, তবে উঁচিয়ে ওঠা বল ফিস্ট করে কিংসকে রক্ষা করেন গোলরক্ষক শ্রাবণ। 

এর পরপরই ৭১তম মিনিটে বদলি নামা এমেকা ওজবুগকে বক্সে ফাউল করা হলে পেনাল্টি পায় কিংস, আর স্পটকিকে ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে ব্যবধান ২-০ করেন এমেকা। যোগ করা সময়ে (৯৩ মিনিট) স্কোরলাইন বাড়ান দলে নতুন আসা কাজেম শাহ কিরমানি। ৩-০ ব্যবধানের এই জয়ে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে উঠে এসেছে কিংস।