কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে টেকনাফ উপজেলার জাদিমুরা-সংলগ্ন নাফ নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
স্থানীয়দের ভাষ্য, শুক্রবার ভোর ৬টার দিকে জাদিমুরা এলাকায় নাফ নদীতে একটি নৌকার মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় মরদেহটি দেখতে পান তারা। পরে নৌকাটি তীরে এনে পুলিশকে খবর দেন। খবর পেয়ে টেকনাফ মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
জাদিমুরা ৯ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ আবদুল আমিন বলেন, সকালে নাফ নদীসংলগ্ন এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। নিহত ব্যক্তির চোখের ওপরের অংশে গুলির আঘাতের চিহ্ন রয়েছে। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার সকালে জাদিমুরা-সংলগ্ন নাফ নদী থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এখনো নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, জাদিমুরা-সংলগ্ন নাফ নদী থেকে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।