কুমিল্লায় জমি সংক্রান্ত বিরোধে যুবদল কর্মী খুন

কুমিল্লা আদর্শ সদর উপজেলায় জমি নিয়ে বিরোধ মীমাংসা করতে গিয়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের হামলায় মো. আবু কাউছার (৩৫) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় মো. মাছুম মিয়া নামে এক অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে আদর্শ সদর উপজেলার গোমতী নদীর উত্তর পাড়ের ছত্রখিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কাউছার কুমিল্লা নগরের কাপ্তানবাজার এলাকার মৃত আবদুল মান্নানের ছেলে এবং ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সহসভাপতি কবির হোসেনের ছোট ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কাউছারের বন্ধু মো. শামীমের সাথে স্থানীয় তানজিল ও তৌহিদের একটি জমি নিয়ে বিরোধ চলছিল। এ দিন সকালে বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে কাউছারসহ কয়েকজন ছত্রখিল এলাকায় যান। সেখানে পৌঁছামাত্রই তৌহিদ ও তানজিলের নেতৃত্বে প্রতিপক্ষের লোকজন লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা কাউছারকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

গুরুতর আহত অবস্থায় কাউছারকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে নগরের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হলে দুপুর দুইটার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কুমিল্লা মহানগর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লব অভিযোগ করেন, অভিযুক্তরা স্থানীয়ভাবে জমি কেনাবেচায় দালালি ও চাঁদাবাজির সঙ্গে যুক্ত। এদিকে বিকেলে নিহত কাউছারের মরদেহ দেখতে হাসপাতালে যান কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. মনিরুল হক সাক্কু। তিনি এই নির্মম হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে। ঘটনার পর জড়িতরা পালিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।