শ্রমিক আন্দোলনকে আদর্শিক ধারায় এগিয়ে নিতে হবে: পরওয়ার

শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, আদর্শিক নেতৃত্ব গঠন এবং বর্তমান প্রেক্ষাপটে শ্রমিক আন্দোলনকে কার্যকর ও গতিশীল করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (১৬ অক্টোবর) চট্টগ্রাম বন্দর শহীদ মুন্সি ফজলুর রহমান অডিটোরিয়ামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর আয়োজিত থানা ও সেক্টর কার্যনির্বাহী কমিটির সদস্যদের দিনব্যাপী লিডারশিপ ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, বর্তমান প্রেক্ষাপটে শ্রমিক আন্দোলনকে শ্রমজীবী মানুষের অধিকার, মর্যাদা ও কল্যাণ প্রতিষ্ঠার কার্যকর মাধ্যম হিসেবে গড়ে তুলতে হবে। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা এবং শোষণ-বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালনে সংগঠিত শ্রমিক আন্দোলনের বিকল্প নেই। এ জন্য দায়িত্বশীলদের সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বের যোগ্যতা ও দূরদর্শিতা অর্জনের পাশাপাশি শ্রমিকদের বাস্তব সমস্যা অনুধাবন করে তা সমাধানে কার্যকর উদ্যোগ নিতে হবে।

তিনি বলেন, শ্রমিক আন্দোলনকে আদর্শিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে হবে। দায়িত্বশীলদের সততা, নিষ্ঠা, ত্যাগ ও দায়িত্বশীলতার মাধ্যমে শ্রমিকদের আস্থা অর্জন করতে হবে। শ্রমিকদের অধিকার আদায়ের পাশাপাশি তাদের নৈতিক ও আদর্শিক মানোন্নয়নেও কাজ করতে হবে। যোগ্য নেতৃত্ব, সাংগঠনিক শৃঙ্খলা ও শ্রমিকদের ঐক্য সুদৃঢ় করার মাধ্যমে শ্রমিক আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে।

ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে দিনব্যাপী লিডারশিপ ক্যাম্পে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমীর নজরুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভূঁইয়া, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও মহানগর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও মহানগর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার, মহানগর সাংগঠনিক সম্পাদক জননেতা মুহাম্মদ শামসুজ্জামান হেলালী এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, চট্টগ্রামের শ্রম পরিদর্শক  শুভংকর দত্ত।

লিডারশিপ ক্যাম্পে মহানগর, থানা, সেক্টর,মহিলা বিভাগ ও ট্রেড ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতারা ডেলিগেট হিসেবে অংশ নেন।