প্রশ্নপত্রের ছবি তুলে পাঠানোর চেষ্টা, পরীক্ষার্থীর কারাদণ্ড

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে রেশমা আক্তার (২৫) নামের এক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আজ শুক্রবার (১৬ অক্টোবর) বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে (কেন্দ্র নম্বর ৪৩) পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। আটক রেশমা আক্তারের বাড়ি কুড়িগ্রাম জেলার রাজারহাটে।

পরীক্ষা চলাকালে গোপনে মোবাইল ফোন দিয়ে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানোর চেষ্টা করছিলেন রেশমা। এ সময় কেন্দ্রের দায়িত্বে থাকা একজন পরিদর্শক বিষয়টি দেখতে পেয়ে তাকে হাতেনাতে আটক করেন।

পরে লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট আইনে রেশমা আক্তারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও জব্দ করা হয়েছে।