বরগুনার আমতলীতে নানা বাড়িতে বেড়াতে এসে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় এলমা আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ৫ নম্বর চাওড়া ইউনিয়নের কাউনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এলমা আমতলী সদর ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। সে নানা বাড়ি চাওড়া ইউনিয়নের কাউনিয়া গ্রামে বেড়াতে এসেছিল।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বাড়ির সামনের রাস্তার পাশে দাঁড়িয়ে চকলেট খাচ্ছিল এলমা। এ সময় দ্রুতগতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বরিশালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর অটোরিকশাচালক পালিয়ে যান বলে জানা গেছে। অভিযুক্ত চালক নাঈম চাওড়া ইউনিয়নের চন্দ্রা গ্রামের বাদল ফকিরের ছেলে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।