শারদীয় দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য প্রতীক: বিএমজেপি নেতৃবৃন্দ

বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশবাসী এবং সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)।

সম্প্রতি দলের সভাপতি সুকৃতি কুমার মণ্ডল ও মহাসচিব দিলীপ কুমার দাস গণমাধ্যমে পাঠানো এক যৌথ বাণীতে এই শুভেচ্ছা জানান।

যৌথ বাণীতে বিএমজেপি নেতৃবৃন্দ বলেন, "দুর্গাপূজা কেবল সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি আবহমানকাল ধরে চলে আসা এদেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি, মৈত্রী ও ঐক্যের এক অনন্য প্রতীক। অসুর শক্তি বিনাশ এবং শান্তি ওতপ্রোতভাবে জড়িত এই উৎসবের মূল বার্তা, যা মানবপ্রেম ও ন্যায়ের পথে চলার প্রেরণা জোগায়।"

নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন যে, বাংলাদেশ একটি বহুত্ববাদী ও অসাম্প্রদায়িক চেতনায় গড়া দেশ। এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার, ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের মূল দায়িত্ব। একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গঠনে দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার রক্ষা এবং তাদের পূর্ণ নিরাপত্তা বিধান অত্যন্ত জরুরি।

বাণীতে বিএমজেপির সভাপতি ও মহাসচিব শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। একই সাথে, পূজামণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা রক্ষায় প্রশাসন ও দেশবাসীর প্রতি সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তারা। পরিশেষে, তারা দেশবাসীর সুস্বাস্থ্য, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন।