চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নে অভিযান চালিয়ে ৪২ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ ৩ হিজড়াকে আটক করেছে চন্দনাইশ থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নাম্বারবিহীন সবুজ রঙের সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।
শুক্রবার (১৬ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধোপাছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের চেমির মুখ এলাকায় নুরুল আলমের মুদির দোকানের সামনে পাকা রাস্তার উপর এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন- সাতকানিয়া উপজেলার ১৩নং বাজালিয়া ইউনিয়নের হলুদিয়া গ্রামের ৭নং ওয়ার্ডের বাসিন্দা মৌসুমি (২৮), কমরী (৩২) ও মুক্তা (২৫)।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম দিদারুল ইসলাম সিকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪২ লিটার চোলাইমদ ও একটি সিএনজিসহ ৩ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা সিএনজি চালক পলাতক রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রস্তুতি চলছে।##