বীমা ব্যবসার মূল ভিত্তি হলো গ্রাহকের আস্থা

‘স্মার্ট ইকোনমি’ বাস্তবায়নে বীমা খাত কীভাবে অবদান রাখছে?

স্মার্ট অর্থনীতি কেবল প্রযুক্তির ব্যবহারেই সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িত রয়েছে দক্ষ সম্পদ ব্যবস্থাপনা, ঝুঁকি মোকাবিলার সক্ষমতা, বিনিয়োগের নিরাপত্তা, স্বচ্ছতা, জবাবদিহি এবং জনগণের আর্থিক সুরক্ষা। স্মার্ট অর্থনীতি প্রতিষ্ঠায় বীমা খাতের ডিজিটাল রূপান্তর অপরিহার্য। অনলাইন পলিসি ইস্যু, প্রিমিয়াম সংগ্রহ, ইলেক্ট্রনিক নথি সংরক্ষণ, অনলাইনে দাবি নিষ্পত্তির আবেদন এবং গ্রাহকসেবার অটোমেশন বীমা কার্যক্রমকে দ্রুত, সহজ ও স্বচ্ছ করতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা অ্যানালিটিকস এবং আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ঝুঁকি মূল্যায়ন, জালিয়াতি শনাক্তকরণ ও সেবার মান উন্নয়নের সুযোগ তৈরি হচ্ছে। 

দেশে বীমার প্রসার বাড়াতে আপনার কোম্পানির মূল কৌশল কী?

বীমা শুধু আর্থিক ক্ষতিপূরণ প্রদানের মাধ্যম নয়। বরং এটি ব্যক্তি, ব্যবসা ও শিল্পপ্রতিষ্ঠানের ঝুঁকি ব্যবস্থাপনা, বিনিয়োগ সুরক্ষা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার অন্যতম কার্যকর হাতিয়ার। দেশে বীমার প্রসার বাড়াতে দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির-এর মূল কৌশল হলো গ্রাহক আস্থা বৃদ্ধি, প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ, উদ্ভাবনী বীমাপণ্য চালু এবং দেশব্যাপী ব্যবসায়িক নেটওয়ার্ক গড়ে তোলা। এ লক্ষ্য অর্জনে আমরা কয়েকটি বিষয়কে গুরুত্ব দিচ্ছি। প্রথমত: ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে বৃহত্তর জনগোষ্ঠীর কাছে বীমাসেবা পৌঁছে দেওয়া। দ্বিতীয়ত: ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, শিল্পপ্রতিষ্ঠান, ব্যবসায়ী, সাধারণ গ্রাহকের চাহিদা অনুযায়ী উপযোগী ও সাশ্রয়ী বীমাপণ্য সম্প্রসারণ করা। তৃতীয়ত: ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে পলিসি ইস্যু, প্রিমিয়াম সংগ্রহ, গ্রাহকসেবা এবং দাবি নিষ্পত্তি প্রক্রিয়া দ্রুত, স্বচ্ছ ও সহজ করা।

গ্রাহকসেবা সহজ করতে আপনার কী ধরনের ডিজিটাল ব্যবস্থা চালু করেছেন

ডিজিটাল বীমাব্যবস্থার মূল ভিত্তি হলো দ্রুত পলিসি ইসু্যু, তথ্যের নির্ভুলতা, সহজ প্রিমিয়াম পরিশোধ, দ্রুত দাবি নিষ্পত্তি এবং গ্রাহকের সঙ্গে কার্যকর যোগাযোগ। সফটওয়্যারভিত্তিক পলিসি ও কভারনোট ইসু্যু, গ্রাহক ও প্রিমিয়ামের তথ্য সংরক্ষণ, হিসাব ব্যবস্থাপনা এবং প্রয়োজনীয় প্রতিবেদন তৈরিতে প্রযুক্তির ব্যবহার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি, এসব ব্যবস্থার কার্যকারিতা বাড়াতে তথ্যের নিরাপত্তা, অনুমোদিত প্রবেশাধিকার এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ জোরদার করার বিষয়েও আমরা গুরুত্ব দিচ্ছি।

প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে বীমা সেবা পৌঁছে দিতে কী পদক্ষেপ নিয়েছেন?

প্রত্যন্ত অঞ্চলের মানুষের আর্থিক সক্ষমতা ও ঝুঁকির ধরন বিবেচনায় রেখে সহজবোধ্য, সাশ্রয়ী ও প্রয়োজনভিত্তিক বীমাসেবা নিশ্চিত করা। এ ক্ষেত্রে অনলাইনভিত্তিক পলিসি ব্যবস্থাপনা ও ডিজিটাল সেবা চালুর মাধ্যমে দূরবর্তী এলাকার গ্রাহকদের জন্য বীমা গ্রহণের প্রক্রিয়া সহজ করার সুযোগ রয়েছে। পাশাপাশি ব্যাংক ও অন্য আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে বীমাসেবা সম্প্রসারণের দিকটিও আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি।

ইনসারটেক বা মোবাইল ব্যাংকিংয়ের সঙ্গে যৌথ উদ্যোগ কতটুকু কার্যকর ভূমিকা রাখছে?

ইনসারটেক ও মোবাইল ব্যাংকিংয়ের সঙ্গে যৌথ উদ্যোগ বীমা সেবাকে সহজ, দ্রুত, সাশ্রয়ী ও সর্বসাধারণের কাছে আরও সহজলভ্য করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বীমা পলিসি ক্রয়, প্রিমিয়াম পরিশোধ, পলিসি ব্যবস্থাপনা এবং দাবি নিষ্পত্তির প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও গ্রাহকবান্ধব করার সুযোগ সৃষ্টি করেছে।

ক্যাশলেস এবং পেপারলেস বীমা সেবা চালুর ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো কী?

ক্যাশলেস ও পেপারলেস বীমাসেবা চালুর ক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। প্রযুক্তিগত অবকাঠামোর সীমাবদ্ধতা, প্রত্যন্ত অঞ্চলে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সুবিধার অভাব, ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে অনেক গ্রাহকের অনভিজ্ঞতা এবং প্রচলিত কাগজনির্ভর কার্যপদ্ধতি থেকে বেরিয়ে আসার মানসিকতা তৈরি বড় চ্যালেঞ্জ। এ ছাড়া, গ্রাহকের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা, সাইবার ঝুঁকি মোকাবিলা, ডিজিটাল পেমেন্টের নির্ভরযোগ্যতা, অনলাইন জালিয়াতি প্রতিরোধ এবং বীমা পলিসি ও দাবি নিষ্পত্তির ক্ষেত্রে ডিজিটাল নথির গ্রহণযোগ্যতা নিশ্চিত করায়ও চ্যালেঞ্জ আছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বীমা নিয়ন্ত্রক সংস্থা, বীমা কোম্পানি, ব্যাংক, মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান এবং প্রযুক্তি খাতের কার্যকর সমন্বয় গড়ে তুলতে হবে।

তরুণদের বীমার আওতায় আনতে কোনো পরিকল্পনা রয়েছে কি?

তরুণদের জন্য ব্যক্তিগত দুর্ঘটনা বীমা, ভ্রমণ বীমা, স্বাস্থ্য ও চিকিৎসা ব্যয়-সুরক্ষাসহ বিভিন্ন প্রয়োজনভিত্তিক সাধারণ বীমা পণ্যের প্রসার এবং ডিজিটাল মাধ্যমে বীমাসেবা সহজলভ্য করার ওপর গুরুত্ব দেওয়া যায়। ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগে তরুণদের কাছে বীমাসেবা পৌঁছে দেওয়ার সুযোগ রয়েছে।

আপনারা কীভাবে বীমা দাবি নিষ্পত্তির প্রক্রিয়া দ্রুত এবং স্বচ্ছ করছেন?

গ্রাহকের আস্থা অর্জন ও ধরে রাখার অন্যতম প্রধান শর্ত হলো যথাসময়ে, স্বচ্ছতা ও পেশাদারত্বের সঙ্গে বীমা দাবি নিষ্পত্তি করা। এ লক্ষ্যে দাবি অনুমোদন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। দাবি নিষ্পত্তির প্রতিটি ধাপে নিয়মতান্ত্রিক কার্যক্রম এবং নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুসরণ করা হচ্ছে, যাতে গ্রাহক তার ন্যায্য প্রাপ্য সম্পর্কে স্পষ্ট ধারণা পান এবং অপ্রয়োজনীয় বিলম্ব কমে আসে।

গ্রাহকের আস্থা ধরে রাখা বীমা খাতের বড় চ্যালেঞ্জ, কীভাবে এ চ্যালেঞ্জ মোকাবিলা করেন?

বীমা ব্যবসার মূল ভিত্তি হলো গ্রাহকের আস্থা। শুধু বীমা পলিসি বিক্রির মাধ্যমে নয়, বরং প্রতিশ্রুতি রক্ষা, স্বচ্ছতা, জবাবদিহি এবং যথাসময়ে বীমা দাবি নিষ্পত্তির মাধ্যমেই গ্রাহকের আস্থা অর্জন করা সম্ভব। আমরা বীমা পলিসির শর্তাবলি, প্রিমিয়াম, ঝুঁকির আওতা এবং দাবি নিষ্পত্তির প্রক্রিয়া সম্পর্কে গ্রাহককে স্পষ্ট ধারণা দেওয়ার ওপর গুরুত্ব দিই, যাতে তারা জেনে-বুঝে বীমা সেবা গ্রহণ করতে পারেন। গ্রাহকের অভিযোগ দ্রুত ও কার্যকরভাবে নিষ্পত্তি, দাবি পরিশোধের প্রক্রিয়া সহজীকরণ এবং প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের মাধ্যমে গ্রাহকসেবার মান উন্নয়নে আমরা সচেষ্ট।